বিএনপির পররাষ্ট্র উইংয়ে যুক্ত হলেন মুকিব ও রাশেদ

আপডেট : ০৫ এপ্রিল ২০২২, ০৯:২০ পিএম

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দাবিতে বহির্বিশ্বে গুরুত্বপূর্ণ অবদান রাখায় রাশেদুল হক ও আহমেদ আলী মুকিবকে দলের পররাষ্ট্র উইংয়ে যুক্ত করা হয়েছে।

দলটির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য রাশেদুল হককে দলের সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক করা হয়েছে।এছাড়া জাতীয় নির্বাহী কমিটির সদস্য আহমেদ আলী মুকিবকে জাতীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক করা হয়েছে।

মঙ্গলবার দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।

রাশেদুল হক অস্ট্রেলিয়া বিএনপির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠাতে অস্ট্রেলিয়ার বিরোধী দলীয় সংসদ সদস্যরা বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চিঠি দিয়েছিলেন। এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন রাশেদুল হক।

এছাড়া সৌদি বিএনপির সভাপতি আহমেদ আলী মুকিবও বিভিন্ন সময়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। মুকিব পুরো মধ্যপ্রাচ্যে বিএনপির হয়ে কাজ করেন। তিনি হবিগঞ্জ-২ (বানিয়াচং-আজমেরীগঞ্জ) আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত