বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটিতে অধ্যাপক পদে চাকরির আবেদন করেই নিজেকে ওই বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা অধ্যাপক এবং আইসিটি ও শিক্ষা বিভাগের প্রধান বলে পরিচয় দিচ্ছেন ড. মো.আকতারুজ্জামান নামের এক ব্যক্তি। বেশ কিছুদিন ধরে বিভিন্ন পত্রিকায় নিবন্ধ ছাপিয়ে নিজের নামের পাশে এই পরিচয় ব্যবহার করছেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ব্লেন্ডেড লার্নিং সেন্টারের পরিচালকের দায়িত্ব পালন করা আকতারুজ্জামান।
বিশ্ববিদ্যালয়টির জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ শহীদুল ইসলাম জানান, পত্রিকায় প্রকাশিত নিবন্ধের মাধ্যমে জানা গেছে ড. মো. আকতারুজ্জামান ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ব্লেন্ডেড লার্নিং সেন্টারের পরিচালক। কিন্তু নিজেকে ডিজিটাল ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা অধ্যাপক ও একটি বিভাগের প্রধান হিসেবে পরিচয় দিচ্ছেন। কিন্তু বিশ্ববিদ্যালয়ের সঙ্গে তার কোনো ধরনের সংশ্লিষ্টতা নেই। তিনি শিক্ষা বিভাগে অধ্যাপক পদে চাকরির আবেদন করেছিলেন মাত্র।
শহীদুল ইসলাম বলেন, ড. মো. আকতারুজ্জামান প্রতারণা করতেই মিথ্যা ও বানোয়াট তথ্য ছড়াচ্ছেন। তার বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে সজাগ থাকার অনুরোধ করা হচ্ছে।
