সিলেটে বাস-টমটম-বাইকের চতুর্মুখী সংঘর্ষ, শিশুসহ ৩ জনের মৃত্যু

আপডেট : ০৭ এপ্রিল ২০২২, ০৯:৫১ এএম

সিলেটে যাত্রীবাহী বাস, ব্যাটারিচালিত ২টি টমটম ও মোটরসাইকেলের চতুর্মুখী সংঘর্ষে শিশুসহ ৩ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন অন্তত ২০ জন।

সিলেট-তামাবিল মহাসড়কের জৈন্তাপুর উপজেলার হরিপুরে বুধবার ইফতারের কিছুক্ষণ আগে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- মোটরসাইকেল আরোহী নেত্রকোনা জেলার পাঁচহাট খালিয়াজুরী গ্রামের জয়নাল আবদিনের ছেলে আতাউর রহমান সানি (৩০), টমটম যাত্রী জৈন্তাপুর উপজেলার দরবস্ত গ্রামের আবদুর রহমানের ছেলে রোকন উদ্দিন (৪৫) ও সিলেটের খাদিমনগরের মঞ্জুর আলমের ছেলে তাহমিদ তাহসিন (১২)।

পুলিশ নিহতদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করেছে।

জৈন্তাপুর থানার ওসি গোলাম দস্তগীর আহমেদ জানান, সিলেট থেকে জাফলংগামী একটি বাসের সঙ্গে দুইটি টমটম ও একটি মোটরসাইকেলের চতুর্মুখী সংঘর্ষে হতাহতের এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করেন।

তিনি বলেন, দুর্ঘটনাকবলিত যানবাহনগুলো জব্দ করা হয়েছে, তবে বাস চালক ও সহকারী পালিয়ে গেছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত