ডিজিটাল নিরাপত্তা আইনে মামলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আইন বিভাগের অধ্যাপক শেখ হাফিজুর রহমান কার্জনকে জামিন দিয়েছে আদালত। গতকাল বৃহস্পতিবার ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক আসসামছ জগলুল হোসেনের আদালতে আইনজীবী এম. নাজমুল হুদার মাধ্যমে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন তিনি।
রাষ্ট্রপক্ষে সংশ্লিষ্ট আদালতের স্পেশাল পাবলিক প্রসিকিউটর নজরুল ইসলাম শামীম জামিনের বিরোধিতা করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত ৫০০ টাকা মুচলেকায় জামিনের আদেশ দেন।
গত ৩ ফেব্রুয়ারি বিচারপতি জাহাঙ্গীর হোসেন ও বিচারপতি মো. আতোয়ার রহমানের হাইকোর্ট বেঞ্চ থেকে আট সপ্তাহের আগাম জামিন পান অধ্যাপক কার্জন। সেই জামিনের মেয়াদ শেষে তাকে ট্রাইব্যুনালে আত্মসমর্পণ করতে বলা হয়। সে অনুযায়ী অধ্যাপক কার্জন আজ ট্রাইব্যুনালে আত্মসমর্পণ করে জামিন চাইলে আদালত তা মঞ্জুর করে।
গত বছর ২২ জুলাই হাফিজুর রহমান কার্জন ফেসবুকে একটি লেখা পোস্ট করেন। সেখানে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগ উঠলে তিনি সঙ্গে সঙ্গে লেখাটি মুছে ফেলে ক্ষমা চান। এরপর বাংলাদেশ হিন্দু যুব পরিষদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক অমিত ভৌমিক গত বছরের ১ আগস্ট শাহবাগ থানায় এই মামলাটি করেন।
