গাজীপুরে ছাত্রলীগ নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা

আপডেট : ০৯ এপ্রিল ২০২২, ০৬:৩৮ পিএম

গাজীপুরে কালিয়াকৈরে এক ছাত্রলীগ নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে থানায় মামলা করেছেন এক নারী।

ভুক্তভোগী নারী বাদী হয়ে গত বুধবার রাতে কালিয়াকৈর থানায় মামলাটি দায়ের করেন।

অভিযুক্ত ছাত্রলীগ নেতার নাম এসএম জোবায়ের হিমেল (৩০); তিনি উপজেলার মৌচাক এলাকার বাসিন্দা এবং কালিয়াকৈর উপজেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি ও জেলা ছাত্রলীগের সভাপতি পদপ্রার্থী।

এ ছাড়া ধর্ষণের সহায়তায় শাকিল ও সবুজ নামে আরো দুজনকে একই মামলায় আসামি করা হয়েছে।

এজহার সূত্রে জানা যায়, তিন বছর আগে ওই নারীর ব্যবহৃত মোবাইল ফোনে কল দিয়ে ওই ছাত্রলীগ নেতা প্রেমের সম্পর্ক গড়ে তোলেন। একপর্যায়ে বিয়ের প্রলোভন দিয়ে শারীরিক সম্পর্ক করেন ছাত্রলীগ নেতা হিমেল। ওই নারীর কাছ থেকে প্রতারণা করে এক লাখ পনেরো  হাজার টাকার দামের একটি আই ফোনও নেন। গত ৪ এপ্রিল ওই নারীকে ফের হিমেলের বাসায় ডেকে নিয়ে ধর্ষণ করেন। পরবর্তীতে বিয়ের জন্য হিমেলকে চাপ দিলে হিমেল বিয়ে করতে অস্বীকার করেন।

ঘটনার একপর্যায়ে হিমেল ওই নারীকে গালিগালাজ ও ভয়ভীতি প্রদর্শন করেন। তিনি ভুক্তভোগীর পরিবারকে খুন জখমের হুমকিও দেন। হত্যার হুমকির বিষয়ে গত ৫ এপ্রিল ফেসবুক লাইভে এসে নিজের ও পরিবারের নিরাপত্তার দাবি জানান ভুক্তভোগী নারী।

কালিয়াকৈর থানার ওসি মো. আকবর হোসেন হোসেন জানান, বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগে এক নারী থানায় মামলা করেছেন। ঘটনাটি পুলিশ তদন্ত করে দেখছে। আসামিদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত