নারায়ণগঞ্জের লাঙ্গলবন্দ স্নানোৎসবে দায়িত্ব পালন করতে গিয়ে ৪০ পুলিশ সদস্য ডায়রিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসা সেবা নিয়েছেন। এদের মধ্যে একজনের অবস্থা গুরুত্বর হওয়ায় তাকে ঢাকা পাঠানো হয়।
শনিবার (৯ এপ্রিল) বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন জেলা সিভিল সার্জন ডা. মশিউর রহমান।
তিনি জানান, সকালে দায়িত্ব পালনকালে একে একে ৪০ ডায়রিয়া আক্রান্ত রোগী লাঙ্গলবন্দ থেকে বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন। এদের মধ্যে একজনের অবস্থা খারাপ থাকায় তাকে ঢাকায় রেফার্ড করা হয়েছে। বাকি ৩৯ জনের মধ্যে সাতজন এখনো ভর্তি আছেন। বাকিদের চিকিৎসা সেবা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।
তিনি আরো জানান, ঠিক কী কারণে এমনটা হয়েছে তা এখনই বলা যাচ্ছে না।
জেলা পুলিশ সুপার (এসপি) জায়েদুল আলম জানান, আমরা তো তাদের খাবার সরবরাহ করে থাকি। চিকিৎসকরা জানিয়েছেন ফুড পয়জনিং থেকে হতে পারে এমনটা। হয়তো বাইরের কিছু খেয়ে থাকতে পারেন। সবাই আপাতত সুস্থ আছেন। একজনের ডায়রিয়া বেশি হওয়ায় তাকে ঢাকা পাঠানো হয়েছে। সবাইকে খাবার গ্রহণের ব্যাপারে সতর্ক করা হয়েছে, যেহেতু এটি পানিবাহিত রোগ।
