শিশুকন্যাকে ইমামের পেছনে দাঁড় করানো নিয়ে সংঘর্ষে যুবকের মৃত্যু

আপডেট : ১০ এপ্রিল ২০২২, ০৮:৫৬ পিএম

নরসিংদীর রায়পুরায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত লাল চাঁন মিয়া (২৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

রবিবার দুপুরে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত লাল চাঁন মিয়া উপজেলার উত্তরবাখরনগর ইউনিয়নের বাহাদুরপুর গ্রামের মৃত মইধর মিয়ার ছেলে।

স্থানীয় ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, বৃহস্পতিবার তারাবি নামাজ আদায় করতে বাহাদুরপুর কান্দাপাড়া জামে মসজিদে মেয়েকে (৪) নিয়ে নামাজ পড়তে যায় বাহাদুরপুর গ্রামের নূর ইসলাম (২২)। পরে মেয়েকে মসজিদের ইমামের পেছনে দাঁড় করান নূর ইসলাম। এ নিয়ে নিহত লাল চাঁনের মামা আলাউদ্দিন ও নূর ইসলামের মধ্যে কথাকাটাকাটি হয়।

এ সময় নূর ইসলামের চাচাতো ভাই রশিদ মিয়ার ছেলে জুয়েল (২৫) এসে আলাউদ্দিনকে কিল ঘুষি দেন। পরে স্থানীয়রা বিষয়টি মীমাংসার পরামর্শ দেয়। পরে দুপক্ষ এ সিদ্ধান্ত মেনে নিয়ে বাড়ি চলে যায়।

লাল চাঁন খবর পেয়ে মামার খোঁজখবর নিতে আসেন। খোঁজখবর নিয়ে যাওয়ার পথে নূর ইসলাম, জুয়েল, মুক্তার, মানিক, রেনু, অলিসহ বেশ কিছু লোক লাল চাঁনকে পথ রোধ করে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে রাস্তায় ফেলে দিয়ে যান।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। তার অবস্থার অবনতি দেখে কর্তব্যরত চিকিৎসক তাকে দ্রুত ঢাকায় প্রেরণ করে। আজ রবিবার দুপুরে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) গোবিন্দ সরকার বলেন, এ ঘটনায় লাল চাঁনের বাড়ির লোকজন গতকাল একটি মারধরের মামলা করেছেন। মামলাটি এখন হত্যা মামলায় পরিণত হবে। এ ছাড়া আসামি গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত