বেগুনি নিয়ে ফেসবুকে পোস্ট, কলেজশিক্ষকের বিরুদ্ধে মামলা

আপডেট : ১১ এপ্রিল ২০২২, ১২:১১ পিএম

বেগুনি নিয়ে প্রধানমন্ত্রীকে ব্যঙ্গ করে ফেসবুকে পোস্ট করায় রংপুরে দেলোয়ার হোসেন (৪২) নামে এক শিক্ষকের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

রবিবার রাতে তাজহাট থানায় ওই মামলা দায়ের করেন ২৮নং ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইমরান হোসেন।

অভিযুক্ত দেলোয়ার হোসেন নগরীর উত্তর আশরতপুর ঢাকাইপট্টির বাসিন্দা ফয়েজ আলী মাস্টারের ছেলে রংপুর সিটি কলেজের তথ্য ও যোগযোগ প্রযুক্তি বিষয়ের শিক্ষক।

জানা যায়, গত ৮ এপ্রিল সন্ধ্যা সাড়ে ৭টায় ফেসবুকে বঙ্গবন্ধু, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও কুমড়ার ছবিসহ পোস্ট করেন দেলোয়ার হোসেন। পোস্টের ক্যাপশনে তিনি লিখেন, এটা দিয়েই আমি গণভবনে বেগুনি বানিয়ে সংসদ ভবনে সাপ্লাই করি।

ওই শিক্ষকের এই পোস্টের স্ক্রিনশট ফেসবুকে ভাইরাল হলে সমালোচনার ঝড় উঠে। অল্প সময়ের মধ্যে পোস্টটি ভাইরাল হয়ে যায়। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেন আওয়ামী লীগসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

ব্যাপক সমালোচনার মুখে পরে পরবর্তীতে ওই পোস্টটি ফেসবুক থেকে মুছে দেন শিক্ষক দেলোয়ার হোসেন। তবে, ছাত্রলীগ নেতাসহ অনেকেই পোস্টটির স্ক্রিনশট নিয়ে রাখেন।

এ ঘটনায় রবিবার রাতে ছাত্রলীগ নেতা ইমরান বাদী হয়ে তাজহাট থানায় শিক্ষক দেলোয়ার হোসেনের বিরুদ্ধে তথ্য প্রযুক্তি আইনে মামলা দায়ের করেন।

এ বিষয়ে ছাত্রলীগ নেতা ইমরান হোসেন বলেন, জাতির জনক এবং বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ব্যঙ্গ ও ভাবমূর্তি ক্ষুণ্ন করার অভিযোগে আমি মামলাটি দায়ের করি।

মামলা বিষয়ে জানতে চাইলে তাজহাট থানার ওসিকে কয়েকবার ফোন করলে ব্যস্ত আছি বলে কল কেটে দেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত