টাঙ্গাইলের দেলদুয়ারে সড়ক দুর্ঘটনায় পিকআপভ্যান চালক নিহত হয়েছেন। ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের উপজেলার নাটিয়া পাড়া এলাকায় মঙ্গলবার ভোরে ঘটনাটি ঘটে।
নিহত পিকআপ চালকের নাম আবু বকর সিদ্দিক (৩০)। তিনি নওগাঁ জেলার বাসিন্দা। এ ঘটনায় গাড়ির এক যাত্রী আহত হয়েছেন। তিনি টাঙ্গাইল জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
পুলিশ ও স্থানীয়রা জানান, নওগাঁ থেকে ছেড়ে আসা গরুবাহী পিকআপটি ঢাকার দিকে যাচ্ছিল। পথিমধ্যে পিকআপটি মহাসড়কের নাটিয়া পাড়া এলাকায় পৌঁছালে দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে পেছন থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই পিকআপভ্যান চালক আবু বকর সিদ্দিক নিহত হন।
গুরুতর আহত হন পিকআপভ্যানে থাকা গরুর মালিক শাহিন প্রামাণিক। পরে তাকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
গোড়াই হাইওয়ে থানার সার্জেন্ট শাকিল আহমেদ বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে গোড়াই হাইওয়ে থানায় রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
