ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় আবেদন ফি কমানো এবং আবাসিক হলগুলোতে খাবারের দাম কমানোর দাবিতে বিক্ষোভ করেছে ছাত্রদল। এর আগে একই দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর স্মারকলিপি প্রদান করে সংগঠনটি।
মঙ্গলবার সকাল ১১.৩০ টায় ছাত্রদল কেন্দ্রীয় সংসদ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শীর্ষ নেতৃবৃন্দ ঢাবি উপাচার্যের হাতে স্মারকলিপি তুলে দেন। পরে একটি বিক্ষোভ মিছিল নিয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে টিএসসিতে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
বিক্ষোভ মিছিলে ছাত্রদলের শতাধিক নেতা-কর্মী উপস্থিত ছিল। এ সময় নেতা-কর্মীরা আবেদন ফি কমানো এবং হলগুলোতে খাবারের দাম কমানোর দাবিতে মুহুর্মুহু স্লোগানে ক্যাম্পাসকে মুখরিত করে তোলেন।
