মহেশখালীতে সুন্নতে খতনা করার সময় এক শিশুর পুরুষাঙ্গ কেটে ফেলায় দুই পল্লী চিকিৎসককে গ্রেপ্তার করেছে র্যাব। গত সোমবার ছোট মহেশখালীর সিপাহীপাড়া থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে গতকাল র্যাব-১৫-এর এক বিজ্ঞপ্তিতে জানানো হয়। গ্রেপ্তাররা হলেন, ওই এলাকার মো. ইসলামের ছেলে জয়নাল আবেদীন (৩৫) ও তার ভাই মিজানুর রহমান (২৮)।
জানা যায়, গত বছর ২৮ নভেম্বর স্থানীয় মনজুর আলম তার আট বছরের শিশুকে খতনা করানোর জন্য সিপাহীপাড়ার মেসার্স জাহেদ মেডিকোতে নেন। সেখানে খতনা করার সময় পল্লী চিকিৎসক জয়নাল আবেদীন শিশুটির পুরুষাঙ্গ কেটে ফেলে। শিশুটির অবস্থা আশঙ্কাজনক হলে তাকে কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে গত ১২ ফেব্রুয়ারি মনজুর আলাম ওই দুজনের নাম উল্লেখ করে মহেশখালী থানায় মামলা করেন। গত সোমবার র্যাব ওই দুই পল্লী চিকিৎসককে গ্রেপ্তার করে মহেশখালী থানায় হস্তান্তর করে।
মহেশখালী থানার ওসি আবদুল হাই বলেন, ‘দুই চিকিৎসকের বিরুদ্ধে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।’
