রাজধানীর কলাবাগানে অজ্ঞাতনামা এক যুবকের রক্তাক্ত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। তার বয়স আনুমানিক ৩৫ বছর।
মঙ্গলবার রাতে কলাবাগানের ফ্রি স্কুল স্ট্রিট এলাকায় এসেট ডেভেলপারের নির্মাণাধীন ভবনের পাশ থেকে মৃতদেহটি উদ্ধার করে থানা-পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায়।
কলাবাগান থানার উপপরিদর্শক (এসআই) মো. শওকত মিঞা জানান, মরদেহের ডান চোখের ওপরে কাটা দাগ, কপালে কাটা দাগ, ডান হাত ভাঙা, নাক থেঁতলানো। এছাড়া শরীরের বিভিন্ন জায়গায় কাটা ছিলা দাগ আছে। তবে কীভাবে তার মৃত্যু হয়েছে তা জানা যায়নি।
তিনি আরও জানান, মৃত যুবকের পরনে ছিল সাদা পাঞ্জাবি ও সাদা পায়জামা। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
