করোনা টিকায় ২৩ হাজার কোটি টাকার দুর্নীতি নিয়ে কিছু বলেননি প্রধানমন্ত্রী: বিএনপি

আপডেট : ১৩ এপ্রিল ২০২২, ০৯:৪৪ পিএম

বাংলা নবববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জাতির উদ্দেশে দেওয়া ভাষণের প্রতিক্রিয়ায় বিএনপি নেতারা বলেছেন, করোনা টিকা কেনায় যে ২৩ হাজার কোটি টাকার দুর্নীতি হয়েছে বলে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল অভিযোগ করেছে সে সম্পর্কে কিছু বলেননি প্রধানমন্ত্রী। 

বুধবার সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

এর প্রতিক্রিয়ায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন দেশ রূপান্তরকে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বলেন, ‘প্রধানমন্ত্রীর কাছ থেকে জাতি যা প্রত্যাশা করে তা শুনতে পান না। সবসময় তার মতো করে বলে যান। বর্তমানে ডায়রিয়া মহামারী আকারে ছড়িয়ে পড়েছে সে বিষয়ে প্রধানমন্ত্রী কিছু বলেননি।’

তিনি বলেন, ‘সরকারের সর্বগ্রাসী দুর্নীতির বিষয়ে দেশের মানুষ আজ দিশেহারা। সর্বত্র লুটপাটের মহোৎসব চলছে। সে বিষয়ে সরকার কী পদক্ষেপ নেবে তার দিক নির্দেশনা নেই। নির্দেশনা না থাকায় দেশের জনগণ ভাবছে সরকারের শীর্ষ পর্যায়ের সবুজ সঙ্কেতের কারণেই দুর্নীতি চলছে।’ 

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু দেশ রূপান্তরকে বলেন, ‘সেচের পানি না পেয়ে রাজশাহীতে যে দুজন কৃষক মারা গেছেন সে সম্পর্কে প্রধানমন্ত্রী কিছু বলেননি। তা ছাড়া করোনা টিকা কেনায় যে ২৩ হাজার কোটি টাকার দুর্নীতির চিত্র উঠে এসেছে সে সম্পর্কেও কিছু বলেননি প্রধানমন্ত্রী।’

তিনি বলেন, ‘প্রধানমন্ত্রীর বক্তব্যে অসত্য তথ্য উঠে আসে। বাস্তবতা থেকে তিনি অনেক দূরে অবস্থান করেন। নিত্যপ্রয়োজনীয় পণ্যমূল্য বৃদ্ধির কারণে মানুষ হিমশিম খাচ্ছে। অথচ প্রধানমন্ত্রী বিষয়টি অস্বীকার করছেন’।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত