কেমন মা হতে চান জানালেন প্রিয়াঙ্কা চোপড়া

আপডেট : ১৪ এপ্রিল ২০২২, ১২:৫৫ পিএম

গত জানুয়ারিতে নিক-প্রিয়াঙ্কা সোশ্যাল মিডিয়ায় ঘোষণা করেন, সারোগেসির মাধ্যমে মা-বাবা হয়েছেন তারা। যদিও মেয়ের ছবি বা নাম কিছুই তিনি প্রকাশ্যে আনেননি। তবে সম্প্রতি লিলি সিং-এর সঙ্গে তার নতুন বই-এর প্রসঙ্গে কথা বলার সময় মেয়ের উল্লেখ করতে দেখা গেল প্রিয়াঙ্কাকে।

জানালেন, কী রকম মা-বাবা তিনি পেয়েছিলেন আর কীরকম অভিভাবক হওয়ার ইচ্ছে তার আছে। নিজে মা হওয়ার পর তার চিন্তাভাবনায় কেমন বদল এসছে সে ব্যাপারেও কথা বলেন পিগি চপস।

প্রিয়াঙ্কাকে বলতে শোনা যায়, ‘একজন নতুন মা হিসেবে আমি যেটা সবসময় ভাবি তা হল আমি কখনও আমার ইচ্ছা, ভয়, আমার বড় হয়ে ওঠা আমার শিশুর মধ্যে আসতে দেব না। আমি এটা সবয়ময় বিশ্বাস করি বাচ্চারা তোমার মাধ্যমে এই দুনিয়ায় এসেছে, তোমার মধ্যে থেকে নয়। এটা ভাবা কখনও উচিত না যে আমার সন্তান মানে আমি আমার মতো করে ওকে বড় করব। ওরা আপনার মাধ্যমে এলেও নিজের জায়গা তৈরি করতে এসেছে এখানে। এটাকে মেনে নিলেই অনেক সুবিধা হয়ে যায়, আমার মা-বাবাও কখনও জোর করে আমার উপর কিছু চাপিয়ে দিতে চায়নি’।

ডাক্তার মধু চোপড়া ও ডাক্তার অশোক চোপড়ার মেয়ে তিনি। দুজনেই আর্মিতে কাজ করেছেন। করোনার কারণে এখনও নাতনিকে দেখার সৌভাগ্য হয়নি মধুর। সম্প্রতি মিডিয়ার সঙ্গে সাক্ষাৎকারের সময় জানিয়েছেন, ‘দিদা হয়ে আমার খুব ভালো লেগেছে। আজকাল তো আমার মুখে সবসময় হাসি লেগে থাকে। খুব খুশি আমি’।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত