অবিলম্বে জাতীয় সরকার গঠন করে সুষ্ঠু নির্বাচন দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আহ্বান জানিয়েছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রতিষ্ঠাতা ও সভাপতি কর্নেল অলি আহমদ (বীরবিক্রম)। তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপনি বঙ্গবন্ধুর কন্যা। জনগণ আপনাকে ভোট দেবে। অবিলম্বে একটি জাতীয় সরকার গঠন করে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করেন।’
গতকাল শুক্রবার বিকেলে উপজেলার পদুয়া ইউনিয়নের একটি কমিউনিটি সেন্টারে উপজেলা এলডিপি আয়োজিত আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় কর্নেল অলি বলেন, দেশে বর্তমানে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি চলছে, বিচারহীনতা চলছে, কারও কথা বলার অধিকার নেই।
উপজেলা এলডিপির সভাপতি পদুয়ার সাবেক চেয়ারম্যান লিয়াকত আলী চৌধুরী সভায় সভাপতিত্ব করেন।
