ভারতের পশ্চিমবঙ্গের আসানসোল লোকসভা ও বালিগঞ্জ বিধানসভা উপনির্বাচনের ফলাফলে এগিয়ে আছেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী শত্রুঘ্ন সিনহা ও বাবুল সুপ্রিয়।
আসানসোলে দেড় লাখের বেশি ভোটে সবার উপরে আছেন তৃণমূল কংগ্রেস প্রার্থী শত্রুঘ্ন সিনহা। অন্যদিকে ১৫ রাউন্ডের গণনা শেষে বালিগঞ্জে ১২ হাজার ১০৮ ভোটে এগিয়ে আছেন তৃণমূল কংগ্রেস প্রার্থী বাবুল সুপ্রিয়।
জি ২৪ ঘণ্টার প্রতিবেদেন জানানো হয়েছে, আজ শনিবার সকাল ৮টা থেকেই ভোট গণনা শুরু হয়েছে। কিছুক্ষণের মধ্যেই চূড়ান্ত ফলাফল জানা যাবে।
বালিগঞ্জে ডেভিড হেয়ার ট্রেনিং কলেজে অন্যদিকে, আসানসোলের আসানসোল ইঞ্জিনিয়ারিং কলেজে ভোটগণনা চলছে। ।
বালিগঞ্জে বাবুল সুপ্রিয়ের সঙ্গে তীব্র প্রতিযোগিতা করছেন বাম প্রার্থী সায়েরা হালিম। এখনও পর্যন্ত ফলাফলে ২৩ হাজার ১৬৬ ভোট পেয়ে দ্বিতীয় অবস্থানে আছেন তিনি।
আসানসোলে মোট ৮ জন প্রতিদ্বন্দ্বী হলেও, মূল লড়াই তৃণমূলের তারকা প্রার্থী শত্রুঘ্ন সিনহা ও বিজেপির অগ্নিমিত্রা পালের মধ্যে। কিছুটা ভালো অবস্থানে আছেন সিপিএমের পার্থ মুখোপাধ্যায় ও কংগ্রেসের প্রসেনজিৎ পুইতণ্ডি।
উপ-নির্বাচনে তৃণমূল কংগ্রেসের উল্লেখযোগ্য ফলের জন্য বালিগঞ্জ ও আসানসোলের নাগরিকদের ধন্যবাদ জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এক টুইট বার্তায় তিনি দুই কেন্দ্রের প্রার্থীদের অভিনন্দন জানানোর পাশাপাশি, সেখানকার বাসিন্দাদেরও ধন্যবাদ জানিয়েছেন।
