টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশ সর্বশেষ অস্ট্রেলিয়া সফরে গিয়েছিল ২০০৩ সালে। আর অজিদের বিপক্ষে তাদের মাটিতে টাইগাররা ওয়ানডে সিরিজ খেলেছে ২০০৮ সালে।
দীর্ঘ সময় কেটে গেলেও দ্বিপাক্ষিক সিরিজ খেলতে আর অস্ট্রেলিয়া যাওয়া হয়নি বাংলাদেশের। এবার সুযোগ এসেছে ২৪ বছরের অপেক্ষার অবসানের। দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে ২০২৭ সালে অস্ট্রেলিয়া সফরে যেতে পারে টাইগাররা। এমনটাই জানিয়েছে বিসিবি।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অপারেশনস চেয়ারম্যান জালাল ইউনুস জানান, ২০২৭ সালে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে অস্ট্রেলিয়া সফরে যেতে পারে বাংলাদেশ। ২০০৮ সালের পর এবং ২০০৩ সালের টেস্টের পর দ্বিপাক্ষিক সিরিজ খেলতে এটাই প্রথম অস্ট্রেলিয়া সফর হবে টাইগারদের।
জালাল ইউনুস বলেন, ‘২০২৭ সালে অস্ট্রেলিয়ায় দুটি টেস্ট খেলার ব্যাপারে আমরা আস্থাশীল। আমরা ইংল্যান্ড সফরে যেতে পারি কিনা তাও দেখার চেষ্টা করছি। যদিও এখনো কিছু চূড়ান্ত হয়নি।’
আইসিসি সভায় দুই দেশের ক্রিকেট বোর্ড (বাংলাদেশ ও অস্ট্রেলিয়া) এই সফরের ব্যাপারে রাজি হয়েছে এবং সিরিজ আয়োজনের জন্য একটা উপযুক্ত তারিখ খুঁজছে তারা।
২০২৩ থেকে ২০২৭— নতুন এফটিপি সাইকেলে বাংলাদেশ আশা করছে, ৪২ টেস্ট, ৭৬ ওয়ানডে ও ৭০টি টি-টোয়েন্টি খেলার।
