রাজধানীর ধানমন্ডি এলাকায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে দুই শিক্ষার্থী আহত হয়েছে। তারা হলো শেখ ফজিলাতুন্নেছা স্কুল অ্যান্ড কলেজের উচ্চ মাধ্যমিক ১ম বর্ষের ছাত্র মো. আরিফ হাওলাদার জিসান (১৮) ও ওয়েস্ট ধানমন্ডি স্কুলের দশম শ্রেণির ছাত্র রাহিন ইসলাম (১৬)। তাদের কাছ থেকে মোবাইল ফোন ছিনিয়ে নেওয়া হয়েছে বলে তারা অভিযোগ করেছে।
গতকাল রবিবার রাত ৮টার দিকে ধানমন্ডি ৩২ নম্বর লেকের পাড়ে এ ঘটনা ঘটে। পরে থানা পুলিশ তাদের দুজনকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নিয়ে যায়।
ধানমন্ডি থানার উপপরিদর্শক (এসআই) মাইনুল ইসলাম জানান, রাতে ধানমন্ডি ৩২ নম্বর লেকের পাড়ে ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে। এতে দুজন আহত হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থল থেকে তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়ে। আহতরা অভিযোগ করছে, ছিনতাইকারীরা তাদের ছুরি মেরে মোবাইল নিয়ে গেছে। তবে বিষয়টি ছিনতাই নাকি অন্যকিছু তা তদন্ত করে দেখা হচ্ছে।
