মাদকাসক্ত বাবার লাঠির আঘাতে কিশোর ছেলের মৃত্যু

আপডেট : ১৮ এপ্রিল ২০২২, ০৯:৪৬ এএম

পারিবারিক কলহের জের ধরে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের কাঁচপুর ইউনিয়নে বাবার লাঠির আঘাতে সজীব মিয়া (১২) নামে এক কিশোর ছেলের মৃত্যু হয়েছে। ছেলের মৃত্যুর পর মাদকাসক্ত বাবা রুবেল মিয়াকে আটক করেছে পুলিশ।

রবিবার সন্ধ্যায় সে মারা যায়। পারিবারিক কলহের জের ধরে শনিবার রাতে নিহতের দাদির সঙ্গে ঝগড়ার একপর্যায়ে বাবা ছেলেকে লাঠি দিয়ে পিটিয়ে আহত করে।

জানা যায়, উপজেলার কাঁচপুর ইউনিয়নের বেহাকৈর গ্রামের আফজাল হোসেনের ছেলে মাদকাসক্ত রুবেলের স্ত্রী কয়েক দিন আগে স্বামীর অত্যাচার সহ্য করতে না পেরে বাবার বাড়ি চলে যায়। ছেলে সজীব তার দাদির কাছেই থাকত। শনিবার রাতে পারিবারিক কলহের জের ধরে বাবা রুবেল ছেলে সজীবকে লাথি মারার পাশাপাশি লাঠি দিয়ে পিটিয়ে আহত করে। রবিবার বিকেলে সজীবের নাক ও কান দিয়ে রক্ত ঝড়তে থাকলে তাকে স্থানীয় একটি ক্লিনিক নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

সোনারগাঁও থানার ওসি মোহাম্মদ হাফিজুর রহমান জানান, পারিবারিক কলহের জের ধরে বাবা ছেলেকে পিটিয়ে আহত করার একদিন পর তার মৃত্যু হয়েছে। এ ঘটনায় মাদকাসক্ত বাবাকে আটক করা হয়েছে। মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত