নিউমার্কেটের ঘটনা উসকানিমূলক: শামসুজ্জামান দুদু

আপডেট : ২০ এপ্রিল ২০২২, ০২:০৫ পিএম

রাজধানীর নিউমার্কেট এলাকায় শিক্ষার্থী-ব্যবসায়ী সংঘর্ষের ঘটনা উসকানিমূলক উল্লেখ করে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, এ ঘটনার পেছনে যারা জড়িত তাদের আইনের আওতায় আনা প্রয়োজন।

তিনি বলেন, প্রথম দিকে যখন ঘটনাটি ঘটেছিল তখনই প্রশাসন পরিস্থিতি সামলাতে পারতেন। পরে পরিস্থিতি রণক্ষেত্রে রূপ নেয়। যার কারণে একজন কুরিয়ার সার্ভিসের কর্মী নিহত হয়।

তিনি বলেন, এ ধরনের ঘটনা দেশে সুশাসন না থাকার কারণে ঘটতে থাকে। দেশের পরিস্থিতি আজ প্রমাণ করে আওয়ামী লীগ সরকার দেশের জন্য নিরাপদ নয়। তারা সম্পূর্ণ ব্যর্থ। তাদেরকে এবার জনগণই প্রত্যাখ্যান করবে।

বুধবার সকালে নয়াপল্টন ভাসানী মিলনায়তনে বাংলাদেশ জাতীয়তাবাদী সাংস্কৃতিক ফাউন্ডেশনের উদ্যোগে গরিব অসহায় মানুষের মধ্যে ঈদ সামগ্রী বিতরণ কালে প্রধান অতিথির বক্তব্যে শামসুজ্জামান দুদু এসব কথা বলেন।

তিনি বলেন, দেশের দুর্যোগ মুহূর্তে বিএনপি ও জিয়া পরিবার জনগণের পাশে দাঁড়িয়েছে। আজ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে জনগণের ক্রয় ক্ষমতা হারিয়ে ফেলেছে। চারদিকে মহামারি সংকটের এমন পরিস্থিতিতে বাংলাদেশ জাতীয়তাবাদী সাংস্কৃতিক ফাউন্ডেশন অসহায়, গরিব মানুষের যেভাবে ঢাকাসহ বিভিন্ন জেলায় ঈদ সামগ্রী বিতরণ করছে এতেই প্রমাণ হয় বিএনপি জনগণের দল। বিএনপি ক্ষমতা থাকলে জনগণের কল্যাণ হয়।

বাংলাদেশ জাতীয়তাবাদী সাংস্কৃতিক ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ডা. মজিবুর রহমানের সভাপতিত্বে ও মহাসচিব হুমায়ুন কবির ব্যাপারীর পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন জাসাসের সাবেক সহসভাপতি ডা. আরিফুর রহমান মোল্লা, এশিয়া মানবাধিকার সংস্থার মহাসচিব নজরুল ইসলাম বাবলু, বাংলাদেশ জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের সাধারণ সম্পাদক এন আহমেদ খান মন্টু, ভাইস চেয়ারম্যান এম কাদির নোমান, আবু ইউনুস,  শাহবাগ থানা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক রাইসুল ইসলাম চন্দন, পারভেজ পাটোয়ারী, জাকির হোসেন প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত