দলমত নির্বিশেষে সব সংগঠনের ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে সহাবস্থান নিশ্চিতের দাবি জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।
বুধবার ঢাবির উপাচার্যের সঙ্গে সাক্ষাৎ করে এ দাবি জানান ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণ ও সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল।
সংগঠনটির নেতা কর্মীরা সাংবাদিকদের জানান, সকালে শহীদ মিনারে আসেন নতুন কেন্দ্রীয় কমিটির নেতারা। এ সময় সেখানে উপস্থিত নেতা কর্মীরা তাদের স্বাগত জানান। পরে সেখান থেকে একটি মিছিল নিয়ে তারা মধুর ক্যানটিনে যান। মধুর ক্যানটিনে কেন্দ্রীয় কমিটিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান বিশ্ববিদ্যালয় শাখার নেতারা। সেখানে কিছুক্ষণ অবস্থান শেষে ছাত্রদলের নেতারা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় উপাচার্যকে সব সংগঠনের নেতা কর্মীদের সহাবস্থান নিশ্চিত করার জন্য দাবি জানান।
সেখান থেকে বের হয়ে মিছিল নিয়ে ভিসি চত্বর হয়ে টিএসসিতে আসেন নেতা কর্মীরা। সাংবাদিক সমিতির কার্যালয়ে নেতাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন কেন্দ্রীয় কমিটির নতুন পাঁচ নেতা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের নেতারা। পরে তারা ক্যাম্পাস ত্যাগ করেন।
নেতা কর্মীরা দাবি করেন, মিছিলে দেড় থেকে দুই হাজার নেতা কর্মী উপস্থিত ছিলেন।
এর আগে গত ১৭ এপ্রিল ছাত্রদলের নতুন আংশিক কমিটি ঘোষণা করা হয়। এতে সভাপতির দায়িত্ব পান কাজী রওনকুল ইসলাম শ্রাবণ ও সাধারণ সম্পাদক মনোনীত হন সাইফ মাহমুদ জুয়েল। আংশিক কমিটিতে জ্যেষ্ঠ সহসভাপতি হয়েছেন রাশেদ ইকবাল খান, ১ নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন রাকিবুল ইসলাম রাকিব, সাংগঠনিক সম্পাদক হয়েছেন আবু আফসান মোহাম্মদ ইয়াহিয়া।
