চেলসিকে হারিয়ে সেরা চারের আশা বাঁচিয়ে রাখল আর্সেনাল

আপডেট : ২১ এপ্রিল ২০২২, ০১:২৫ পিএম

চেলসির মাঠ স্টামফোর্ড ব্রিজে দুর্দান্ত জয় পেয়েছে আর্সেনাল। এডি এনকেতিয়াহর জোড়া গোলে ব্লুজদের ৪-২ ব্যবধানে হারিয়েছে মাইকেল আর্তেতার দল।

এই জয়ে চলতি মৌসুমের প্রিমিয়ার লিগের পয়েন্ট তালিকায় সেরা চারের আশা বাঁচিয়ে রাখল গানাররা। অন্যদিকে হারলেও ৩১ ম্যাচে ৬২ পয়েন্ট নিয়ে তিনে আছে চেলসি। ব্লুজদের চেয়ে এক ম্যাচ বেশি খেলে ৫৭ পয়েন্ট নিয়ে পাঁচে আর্সেনাল।

দুই দলের লড়াই এখন সেরা চারে থাকার। কারণ শিরোপা দৌড়ে আছে কেবল ম্যানচেস্টার সিটি ও লিভারপুল। লিগের সেরা চার দল খেলবে আগামী মৌসুমের চ্যাম্পিয়নস লিগে। পাঁচে থাকলে জায়গা হবে ইউরোপা লিগে।

একাদশে সুযোগ পেয়েও আরেকটি হতাশাজনক রাত কেটেছে রোমেলু লুকাকুর। জালের দেখা পাননি তিনি। কোচ টমাস টুখেল বেলজিয়ান ফরোয়ার্ডকে ৬০তম মিনিটে মাঠ তুলে নেন। তার বদলি হিসেবে নামেন কাই হাভাৎর্জ।

এনকেতিয়াহর গোল চেলসির বিপক্ষে ১৩তম মিনিটে এগিয়ে যায় আর্সেনাল। এর চার মিনিট পর ব্লুজদের সমতায় ফেরান টিমো ভেরনার। ২৭তম মিনিটে ওডেগার্ডের পাসে স্মিথ রোর গোলে আবারও লিড নেয় গানাররা। তবে পাঁচ মিনিট পর ম্যাসন মাউন্টের অ্যাসিস্টে সেসার আসপিলিকুয়েতা সেই গোল শোধ করেন।

বিরতির পর আরও দুই গোল দেয় আর্সেনাল। ৫৭তম মিনিটে নিজের দ্বিতীয় গোল করেন এনকেতিয়াহ। অতিরিক্ত দ্বিতীয় মিনিটে চেলসির সমতায় ফেরার আশা শেষ করে দেন বুকায়ো সাকা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত