বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান বলেছেন, ‘মার্কিন মানবাধিকার রিপোর্টে দেশের সরকার কর্তৃক মানবাধিকার লঙ্ঘন, বিচার ব্যবস্থায় সরকারি হস্তক্ষেপ, ২০১৮ এর নির্বাচনে প্রহসনসহ গুম, খুন, নির্যাতন আন্তর্জাতিকভাবে স্বীকৃতি পেয়েছে।’
বৃহস্পতিবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট হলে বাংলাদেশ লেবার পার্টি আয়োজিত ‘মার্কিন যুক্তরাষ্ট্রের মানবাধিকার রিপোর্ট-২০২১: প্রেক্ষিত বাংলাদেশ’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এসব বলেন।
মঈন খান বলেন, ‘গত ১৩ এপ্রিল মার্কিন পররাষ্ট্র দফতর কতৃক প্রকাশিত “২০২১ কান্ট্রি রিপোর্টস অন হিউম্যান রাইটস প্র্যাকটিসেস” শীর্ষক রিপোর্টে বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি, আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা, বিচার ব্যবস্থায় সরকারী হস্তক্ষেপ সম্পর্কে উল্লেখ করেছে। ফ্যাসিবাদী এ সরকারের মারাত্মক মানবাধিকার লংঘন, সরকারের আইনশৃঙ্খলা বাহিনীর হাতে বিরোধী দলের নেতাকর্মীদের গুম, খুন, নির্যাতনের যে সব অভিযোগ উঠেছে তা এই রিপোর্টের মাধ্যমে আন্তর্জাতিকভাবে স্বীকৃতি পেয়েছে।’
তিনি বলেন, ‘বিশেষ করে সম্প্রতি র্যাবের ওপর মার্কিন নিষেধাজ্ঞা ও ৭ কর্মকর্তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা সেই সত্যকে আরও প্রতিষ্ঠিত করেছে। বিচারবর্হিভূত হত্যা, আইনশৃঙ্খখলা বাহিনীর হেফাজতে নির্মম নির্যাতনের ফলে হত্যা, প্রতিবাদকারী ব্যক্তির বাবা-মা, ভাই-বোনদের গ্রেপ্তার, বিচার প্রক্রিয়ায় প্রভাব বিস্তার, বিশেষ করে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে মিথ্যা মামলায় সাজা দেওয়া ও কারাগারে প্রেরণকে রাজনৈতিকভাবে প্রভাবিত বলে উল্লেখ করেছে।’
লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরানের সভাপতিত্বে ও মহাসচিব লায়ন ফারুক রহমানের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, ভাইস চেয়ারম্যান ব্যারিস্টার শাহজাহান ওমর বীরউত্তম, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, জাতীয় পার্টির চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দায়, জামায়াতে ইসলামী সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মোয়াজ্জম হোসেন হেলাল, বিএনপির নির্বাহী সদস্য তাবিথ আউয়াল, জাগপা সভাপতি খন্দকার লুৎফর রহমান, জাতীয় দলের চেয়ারম্যান অ্যাডভোকেট এহসানুল হুদা, এনডিপির চেয়ারম্যান কারী আবু তাহের, এলডিপির মহাসচিব শাহদাত হোসেন সেলিম, লেবার পার্টির ভাইস চেয়ারম্যান মোসলেম উদ্দিন, মাহবুবুর রহমান খালেদ, আমিনুল ইসলাম, হিন্দুরত্ম রামকৃষ্ণ সাহা, মাওলানা আনোয়ার হোসেন প্রমুখ।
