বিচার বিভাগের সব স্তরে দক্ষ ও সৎ ব্যক্তিদের ‘প্রধান বিচারপতি’ পদক দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। এ লক্ষ্যে নীতিমালা প্রণয়ন ও বাছাই কার্যক্রম পরিচালনা করতে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি বোরহান উদ্দিনকে সভাপতি করে ছয় সদস্যের জাজেস কমিটি গঠন করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট প্রশাসন এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। কমিটির পাঁচ সদস্য হলেন হাইকোর্ট বিভাগের বিচারপতি ফারাহ মাহবুব, বিচারপতি মো. আকরাম হোসেন চৌধুরী, বিচারপতি এস এম কুদ্দুস জামান, বিচারপতি সরদার মো. রাশেদ জাহাঙ্গীর ও বিচারপতি মো. আখতারুজ্জামান।
গত ২ এপ্রিল রাজধানীর বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে মহিলা জজ অ্যাসোসিয়েশনের পক্ষে দেওয়া এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান বিচারপতি বলেছিলেন, ‘আমি প্রধান বিচারপতি হয়ে খোঁজখবর নিয়ে জেনেছি, আমাদের দেশে অধিকাংশ জুডিশিয়াল কর্মকর্তাই সৎ। যদিও মাত্র হাতেগোনা কয়েকজন অসৎ কর্মকর্তার জন্য জুডিশিয়ারি ক্ষতিগ্রস্ত হয়, তাহলে তাদের শনাক্ত করব। আর তাদের ক্ষেত্রে আমাদের কোনো আপস থাকবে না। যারা ভালো করবে তাদের প্রত্যেক বছর ‘প্রধান বিচারপতি’ পদক দেওয়া হবে।’
