সাভারের আশুলিয়ায় একটি দোকানে মোবাইল সার্ভিসিং করতে গিয়ে এক গৃহবধূ ধর্ষণের শিকার হয়েছেন। গত বৃহস্পতিবার জামগড়া এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় রাতে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে গতকাল শুক্রবার দুপুরে দুজনকে আদালতে পাঠানো হয়েছে। তারা হলো আল মামুন (২৪) ও অলি মোল্লা (২২)।
মামলা সূত্রে জানা যায়, ওই গৃহবধূর সঙ্গে অভিযুক্ত আল মামুনের মোবাইল সার্ভিসিংয়ের দোকানে মোবাইল মেরামত করতে গিয়ে পরিচয় হয়। এরপর থেকেই মামুন বিভিন্নভাবে ওই গৃহবধূকে বিরক্ত করতে থাকে। একপর্যায়ে মোবাইল ঠিক করার কথা বলে বৃহস্পতিবার দুপুরে মামুন ওই গৃহবধূকে কৌশলে শিমুলতলায় অলি মোল্লার ভাড়া বাসায় ডেকে নিয়ে যায়। সেখানে পৌঁছার পর অলি ও মামুন ধর্ষণ করে।
এ ঘটনায় ভুক্তভোগী গৃহবধূ সন্ধ্যায় আশুলিয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। রাতেই পুলিশ ধর্ষক আল মামুন এবং তার সহযোগী অলি মোল্লাকে আটক করে।
আশুলিয়া থানার পরিদর্শক জিয়াউল ইসলাম জানান, লিখিত অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত দুজনকেই গ্রেপ্তার করা হয়েছে। গতকাল আসামিদের আদালতে পাঠানোর পাশাপাশি ভুক্তভোগী গৃহবধূকে স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়েছে।
