ঈদযাত্রার টিকিট নিয়ে সাংবাদিকদের ব্রিফিংকালে কমলাপুর রেলস্টেশনের ব্যবস্থাপক মোহাম্মদ মাসুদ সারওয়ারের মানিব্যাগ ও দুটি মোবাইল খোয়া গেছে।
শনিবার বেলা পৌনে ১১টার দিকে রাজধানী কমলাপুর রেলস্টেশনের ব্যবস্থাপকের কার্যালয়ে এ ঘটনা ঘটে। ব্রিফিংয়ের শেষ মুহূর্তে চুরির এ ঘটনা ঘটে।
এ ঘটনায় ঢাকা রেলওয়ে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
জানা গেছে, বিফ্রিং যখন শেষ পর্যায়ে তখন এক ব্যক্তি ব্যবস্থাপকের বাঁ পাশে এসে দাঁড়ান। ব্রিফিংয়ের একটি কাগজের ছবি তুলতে সাংবাদিকেরা ব্যবস্থাপকের টেবিল ঘিরে দাঁড়ান। এ সময় ব্যবস্থাপক দাঁড়িয়ে ওই কাগজের ছবি তোলায় সহযোগিতা করছিলেন। তখন ওই ব্যক্তি ব্যবস্থাপকের ডান পাশে এসে টেবিলে রাখা মানিব্যাগ ও দুটি মুঠোফোন নিয়ে কক্ষ ত্যাগ করেন। কিছুক্ষণ বাদে ব্যবস্থাপক মুঠোফোন ও মানিব্যাগ খুঁজে পাননি।
এ বিষয়ে কমলাপুর স্টেশন ব্যবস্থাপক মোহাম্মদ মাসুদ সারওয়ার বলেন, ‘এখানে অর্ধশতাধিক সাংবাদিক উপস্থিত ছিলেন। দুদিক থেকেই প্রশ্ন করা হচ্ছিল। এ সময় এক ব্যক্তি আমার পেছন দিয়ে এসে মুঠোফোন ও মানিব্যাগ নিয়ে দ্রুত রুম ত্যাগ করে। ঘটনাটি আমরা সিসিটিভি ক্যামেরার ফুটেজে দেখেছি।’
তিনি আরও বলেন, ‘মানিব্যাগে ৪৫ হাজারের বেশি টাকা ছিল। দুটি অ্যান্ড্রয়েড ফোন ছিল। এর মধ্যে একটি সরকারি ফোন ছিল। এ ঘটনায় একটি জিডি করা হয়েছে।’
