ইরানি নির্মাতা অতাশ জমজম পরিচালিত ‘ফেরেশতে’ সিনেমায় কাজ করছেন জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। ২৩ এপ্রিল, শনিবার রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা সংলগ্ন একটি রেস্তোরাঁয় অনুষ্ঠিত হয় ছবিটির সংবাদ সম্মেলন।
এ সংবাদ সম্মেলনে ইরানের নন্দিত নির্মাতা মুর্তজা অতাশ জমজম জয়া আহসানকে ইরানের সিনেমা ইন্ডাস্ট্রির সুপারস্টারদের সঙ্গে তুলনা করেন। তিনি বলেন, ‘জয়া আহসানের সঙ্গে কাজ করে মনে হয়েছে ইরানের কোন সুপারস্টার শিল্পীর সঙ্গে কাজ করছি। তাদের চেয়ে উনার দক্ষতা কোনো অংশে কম নয়। তার সঙ্গে কাজ করতে পেরে আমি খুব আনন্দিত। প্রতিটি দৃশ্য তিনি নিখুঁতভাবে অভিনয় করেছেন, দারুণভাবে সবকিছু সামলে নিয়েছেন। এককথায় আমি মুগ্ধ।’
মর্তুজা আরো জানান, ‘ফেরেশতে’ সিনেমাটি ইরানি, তবে এটি দৃশ্যায়িত হচ্ছে বাংলা ভাষায়। পরে ডাবিং করে ইরানে এটি দেখানো হবে।
অনুষ্ঠানে নিজের মাতৃভাষা ফারসিতে কথা বলেন মর্তুজা। তার কথা বাংলায় অনুবাদ করে দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. মুমিত আল রশিদ।
সিনেমাটি নিয়ে জয়া আহসান বলেন, ‘দীর্ঘদিন আমি ঢাকাতে ছিলাম না। কলকাতা কিছু সিনেমার শুট শেষ করে ফিরেই ‘ফেরেশতে’র কাজে ব্যস্ত হয়ে পড়েছি। তাই সিনেমাটি নিয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানাতে পারিনি। ২৫ দিন আমরা ঢাকার বিভিন্ন রিয়েল লোকেশনে শুটিং করেছি। কাজ করতে গিয়ে দারুণ কিছু অভিজ্ঞতাও হয়েছে।
তবে সিনেমাটিতে নিজের চরিত্রটি নিয়ে বিস্তারিত কিছু বলতে চাননি এই অভিনেত্রী। শুধু জানিয়েছেন, সমাজে সবার খুব কাছের-এমন একটি চরিত্রে তিনি অভিনয় করেছেন। যে চরিত্রটার দর্শক খুব সহজে সংযোগ স্থাপন করতে পারবেন।
ইরানি পরিচালক মুর্তজা অতাশ জমজমের গল্প ও পরিচালনায় এরইমধ্যে সিনেমার বেশ কিছু শুটিং হয়েছে রাজধানীর কারওয়ান বাজার, ঢাকা বিশ্ববিদ্যালয়, রেলস্টেশন এলাকাসহ আরও কিছু জায়গায়।
বাংলাদেশ ও ইরানের যৌথ প্রযোজনার সিনেমাটিতে আরও অভিনয় করছেন রিকিতা নন্দীনি শিমু, সুমন ফারুকসহ অনেকে। তারাও সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন। চলতি সপ্তাহে সিনেমাটির শুটিং সম্পন্ন হওয়ার কথা রয়েছে।
