শহীদ আফ্রিদি মিথ্যাবাদী, চরিত্রহীন: কানেরিয়া

আপডেট : ২৯ এপ্রিল ২০২২, ০৩:০১ পিএম

আবারও বোমা ফাটালেন পাকিস্তানের সাবেক লেগ-স্পিনার দানিশ কানেরিয়া। ফের অভিযোগের আঙুল তুললেন সাবেক সতীর্থ শহীদ আফ্রিদির দিকে।

পাকিস্তান দলে খেলার সময় কেমন বৈষম্যের শিকার হয়েছিলেন তা জানিয়েছেন কানেরিয়া। সেই সঙ্গে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) কাছে অনুরোধ করেছেন তার ওপর থেকে আজীবনের নিষেধাজ্ঞা তুলে নেওয়ার। স্পট-ফিক্সিংয়ের অভিযোগ প্রমাণিত হওয়ায় ২০১৩ সালে ক্রিকেট থেকে নিষিদ্ধ হন ৪১ বছর বয়সী এই স্পিনার।

গত বছর পাকিস্তান চ্যানেলে শোয়েব আখতার জানান, হিন্দু হওয়ার কারণে কানেরিয়া বৈষম্যের শিকার হয়েছিলেন। নিজের পক্ষে কথা বলার জন্য রাওয়ালপিন্ডি এক্সপ্রেসকে ধন্যবাদ জানান কানেরিয়া। সেই সঙ্গে বৃহস্পতিবার আইএএনএস’কে তিনি বলেন, শহীদ আফ্রিদির নেতৃত্বের সময় তিনি বৈষম্যের শিকার হয়েছিলেন। দলে নিজের জায়গা ধরে রাখতে আফ্রিদি তার বিরুদ্ধে সবাইকে উস্কে দিত বলেও অভিযোগ করেন।

আফ্রিদি মিথ্যাবাদী, চরিত্রহীন দাবি করে কানেরিয়া বলেন, ‘শোয়েব আখতার প্রথম ব্যক্তি যিনি প্রকাশ্যে আমার সমস্যা নিয়ে কথা বলেছেন। এটা বলার জন্য তার প্রতি কৃতজ্ঞ। হিন্দু হওয়ার কারণে কীভাবে আমি দলে বৈষম্যের শিকার হচ্ছিলাম তা জানিয়েছেন তিনি। তার জন্য কর্তৃপক্ষের বিভিন্ন চাপ সহ্য করতে হয়েছে তাকে। পরে তিনি কথা বলা বন্ধ করে দেন। তবে হ্যাঁ, এটা আমার সঙ্গে ঘটেছিল। শহীদ আফ্রিদি আমাকে সব সময় হেয় করেছে। আমরা দুজনেই স্পিনার হিসেবে খেলতাম। সে আমাকে বেঞ্চে বসিয়ে রাখত এবং ওয়ানডে টুর্নামেন্টে খেলতে দিত না।’

তিনি আরও বলেন, ‘সে আমাকে দলে নিতে চাইত না। সে ছিল মিথ্যাবাদী, ষড়যন্ত্রকারী… কারণ সে চরিত্রহীন ব্যক্তি। আমার সমস্ত ফোকাস ছিল কেবল ক্রিকেটের দিকে এবং আমি তার সমস্ত কৌশল অবজ্ঞা করতাম। শহীদ আফ্রিদি একমাত্র ব্যক্তি যে অন্য খেলোয়াড়দের আমার বিরুদ্ধে উস্কে দিত। আমি ভালো পারফর্ম করতাম এবং সে আমার প্রতি ঈর্ষান্বিত ছিল। পাকিস্তানের হয়ে খেলতে পারায় আমি গর্বিত। আমি কৃতজ্ঞ।’

২০০০ থেকে ২০১০ সালে কানেরিয়া ৬১ টেস্ট খেলে ৩৪.৭৯ গড়ে ২৬১ উইকেট নিয়েছেন। পাকিস্তানের হয়ে ১৮ ওয়ানডেতে ৪৫.৩৩ গড়ে নিয়েছেন ১৫ উইকেট। তবে করাচিতে জন্ম এই স্পিনার জানান, তিনি কখনো স্পট-ফিক্সিংয়ের সঙ্গে জড়িত ছিলেন না।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত