ঢাকা জেলা বিএনপির বিরুদ্ধে কমিটি গঠনে অনিয়মের অভিযোগ

আপডেট : ২৯ এপ্রিল ২০২২, ০৩:৪৮ পিএম

দলের একটি বড় অংশকে বাদ দিয়ে ঢাকা জেলার বিভিন্ন উপজেলা, থানা ও পৌরসভায় বিএনপির তথাকথিত কর্মী সম্মেলন ও কমিটি গঠন করা হচ্ছে বলে অভিযোগ করেছেন ঢাকা জেলার বিভিন্ন উপজেলা ও থানার একটি অংশ।

শুক্রবার জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এই অভিযোগ করেন নবাবগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হারুনুর রশিদ উসমানি।

তিনি বলেন, ‘বিভিন্ন উপজেলা, থানা, পৌরসভার কাউন্সিল ও কমিটি গঠনে ঢাকা জেলা বিএনপির স্বেচ্ছাচারী মনোভাব, স্বজনপ্রীতি ও অনিয়ম করে যাচ্ছে। অথচ ঢাকা জেলা বরাবরই বিএনপির শক্ত ঘাঁটি হিসেবে বিবেচিত হয়েছে। অত্যন্ত দুঃখজনক যে ঢাকা জেলা বিএনপির বর্তমান শীর্ষ নেতৃত্ব নিজেদের অবস্থান রক্ষার্থে ও ব্যক্তিস্বার্থ চরিতার্থ করতে দলকে ছিন্নভিন্ন করতে পিছপা হচ্ছে না।’

তিনি বলেন, ‘জেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক ‘যেনতেনভাবে উপজেলা, থানা ও পৌরসভা বিএনপির কমিটি গঠন করে সেই কমিটির মাধ্যমে জেলা বিএনপির কাউন্সিল সম্পন্ন করতে চাইছেন। এটা করছেন যাতে করে তারা আবারও নিজ নিজ পদে বহাল হতে পারেন। কিন্তু তারা এটা জানেন না যে, তাদের এই ষড়যন্ত্র প্রতিহত করতে দলের শত শত নেতাকর্মী প্রস্তুত রয়েছেন।’

হারুনুর রশিদ উসমানি বলেন, ‘আমাদের দাবি উপেক্ষা করে বিতর্কিত কমিটির মাধ্যমে জেলা বিএনপির কাউন্সিল হলে যে কোনও পরিস্থিতির দায়ভার জেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদককে নিতে হবে। চলমান গণতান্ত্রিক আন্দোলনে ঢাকা জেলা বিএনপির কমিটি গঠন সংক্রান্ত যাবতীয় সমস্যা সমাধানের বিকল্প নেই।’

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন নবাবগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি আবেদ হোসেন, দোহার থানা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি নূরুল ইসলাম ব্যাপারী, সাবেক যুগ্ম সম্পাদক শাহিন খন্দকার, বিএনপি নেতা জাহাঙ্গীর খালাসী, আবদুর রশিদ, ঢাকা জেলা যুবদলের সাবেক আহ্বায়ক নাজিম উদ্দিন, ঢাকা জেলা যুবদলের বর্তমান সভাপতি রেজাউল কবির পল, সাধারণ সম্পাদক ইয়াসিন ফেরদৌস মুরাদ, যুবদল নেতা ফজলুল হক বেলায়েতি প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত