ইসলামভীতি কমাতে বিশ্বব্যাপী অমুসলিমদের রোজা রাখার চ্যালেঞ্জ

আপডেট : ২৯ এপ্রিল ২০২২, ০৫:৪৩ পিএম

ক্রমবর্ধমান ইসলামোফোবিয়া বা ইসলামভীতি কমাতে এবং মুসলমানদের প্রতি সংহতি প্রদর্শন ও ধর্মীয় সহনশীলতা বাড়াতে বিশ্বজুড়ে অমুসলিমরা দুটি রোজা রাখার চ্যালেঞ্জে অংশ নিয়েছেন।

বিশ্বের ২৫ টিরও বেশি দেশের মানুষ ঐক্যের জন্য ‘রোযা’ এবং ৩০ দিনের রমজান হিজাব চ্যালেঞ্জে অংশ নেন। বিশ্ব হিজাব দিবস সংস্থা নামের একটি অলাভজনক সংস্থা এই দুটি চ্যালেঞ্জের ডাক দিয়েছেন। সংস্থাটির লক্ষ্য মুসলমানদের বিরুদ্ধে বৈষম্য প্রতিরোধ করা। চলতি রমজান মাসের প্রথম দিন থেকে এই চ্যালেঞ্জ শুর হয়।

সৌদি সংবাদ মাধ্যম আরব নিউজকে সংস্থাটি জানায়, ‘রোজা রাখার এই চ্যালেঞ্জে অমুসলিমদের এক দিন, দুই দিন, ১০ দিন কিংবা পুরো ৩০ দিন রোযা রাখার আমন্ত্রণ জানানো হয়েছে, যেন তারা বুঝতে পারেন যে, মুসলমানরা কীভাবে রোজা রাখে এবং আত্ম-উপলব্ধি, আত্ম-শৃঙ্খলার আধ্যাত্মিক পথে যাত্রা করে। সেই সঙ্গে তারা যেনো ইসলামোফোবিয়ার বিরুদ্ধেও অবস্থান নেয়’।

কেট স্টেবলস নামের একজন অমুসলিম ব্রিটিশ গায়িকা এই চ্যালেঞ্জে অংশ নিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে পোস্ট করা এক বার্তায় তিনি জানান যে, এই নিয়ে দ্বিতীয় বছর তিনি রোজা রাখছেন।

তিনি বলেন, ‘আমি দেখলাম যে এক মাসের জন্য সম্পূর্ণরূপে বদলে যাওয়া থেকে আমি কী করছি, কীভাবে করছি সেটা ভাবার পাশাপাশি আমার চারপাশের এবং সারা বিশ্বের মানুষদের সম্পর্কে চিন্তা করার জন্য সময়-সুযোগ বের করা যায়। যা থেকে অনেক কিছু শেখার আছে’।

তিনি বলেন, ‘ঐক্যের জন্য রোজা- নামটি থেকে বোঝা যায়, এটা ইসলামোফোবিয়া দূর করতে ধর্ম-বর্ণ নির্বিশেষে আমাদের সকল সম্প্রদায়ের একসঙ্গে কাজ করার একটি উদ্যোগ’।

অন্যদিকে, হিজাব চ্যালেঞ্জ (#Hijab30 নামেও পরিচিত) চালু করা হয়েছিল ২০১৪ সালে। এটি হিজাব পরা নারীদের প্রতি বৈষম্য বন্ধ করতে এবং ব্যক্তিগত পছন্দকে সম্মান জানাতে সকল জাতির নারীদের ৩০ দিন হিজাব পরার আহবান জানায়।

এসব চ্যালেঞ্জগুলোর নেপথ্যে যে সংগঠন সেটির অবস্থান যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে। লাখ লাখ মুসলিম নারী যারা হিজাব পরেন তাদের প্রতি সংহতি জানাতে ২০১৩ সালে সংগঠনটি প্রতিষ্ঠিত হয়েছিল। সংগঠনটি প্রতি বছর পহেলা ফেব্রুয়ারি বিশ্ব হিজাব দিবস এবং অন্যান্য অনুষ্ঠানের আয়োজন করে থাকে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত