যাত্রীদের জিম্মি করে তিনগুণ ভাড়া, অভিযোগ পুলিশের বিরুদ্ধেও

আপডেট : ৩০ এপ্রিল ২০২২, ০৬:১৮ পিএম

গাজীপুরের কালিয়াকৈর ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যাত্রীদের কাছ থেকে তিনগুণ বেশি ভাড়া আদায়ের অভিযোগে শনিবার বিকেলে একটি কাউন্টারকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

এ ছাড়া বেশ কিছু যাত্রীকে অতিরিক্ত ভাড়া আদায়ের টাকা ফেরত দেওয়া হয়।

এলাকাবাসী, পরিবহন শ্রমিক-যাত্রী ও ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, শনিবার সকাল থেকেই মহাসড়কের বিভিন্ন পয়েন্টে যাত্রীদের চাপ লক্ষ করা গেছে। এর মধ্যে উত্তরবঙ্গের গেটওয়ে হিসেবে পরিচিত উপজেলার চন্দ্রা ত্রিমোড়ে সবচেয়ে বেশি ভিড় ছিল যাত্রীদের। সুযোগ বুঝে যাত্রীদের কাছ থেকে দ্বিগুণ-তিনগুণ ভাড়া বেশি আদায় করে নিচ্ছেন পরিবহন কাউন্টার ব্যবসায়ীরা। অথচ ঘরমুখো মানুষের নিরাপত্তাসহ যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া যেন না নেওয়া হয়, সে জন্য চন্দ্রা ত্রিমোড়ে হাইওয়ে পুলিশ ও জেলা পুলিশ সর্বক্ষণিক তদারকি টিম রয়েছে।

কিন্তু যানবাহনের তুলনায় যাত্রী বেশি থাকার সুযোগে হাইওয়ে পুলিশের সামনেই অতিরিক্ত ভাড়া আদায় করে নেওয়া হচ্ছে; এমন অভিযোগে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জামাল হোসেনের নেতৃত্বে ওই এলাকায় বিকেলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

অভিযান চালিয়ে অতিরিক্ত ভাড়া আদায়ের সত্যতা পেয়ে হানিফ এন্টারপ্রাইজ নামের কাউন্টারকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়া আরো বেশ কিছু কাউন্টারে অভিযান চালিয়ে আদায় করা অতিরিক্ত ভাড়া যাত্রীদের ফেরত দেওয়া হয়।

এ সময় আরো কয়েকটি যাত্রীবাহী বাসে অভিযান চালানো হয়।

যাত্রীদের অভিযোগ, গাড়ি পর্যাপ্ত পরিমাণে থাকলেও দ্বিগুণ ও তিনগুণ ভাড়া বেশি না দিলে টিকিট দিচ্ছে না। আশপাশে হাইওয়ে পুলিশ থাকলেও কোনো ব্যবস্থা নিচ্ছে না। কাউন্টার থেকে পুলিশকে টাকা দেওয়া হয়। এ ছাড়া যাত্রীদের বিভিন্ন গাড়িতে তুলে দিয়ে পরিবহন শ্রমিকদের কাছ থেকে গাড়ি প্রতি টাকা আদায় করছে হাইওয়ে পুলিশ। ফলে একটু কম ভাড়ায় পিকআপে ও ট্রাকে যে যেভাবে পাড়ছে বাড়ি যাচ্ছে।

পুলিশের সামনেই যত্রতত্র গাড়ি পার্কিং করে যাত্রী ওঠানামা করানো হচ্ছে বলেও তাদের অভিযোগ। এতে সৃষ্টি হচ্ছে যানজট।

সালনা (কোনাবাড়ি) হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ হোসেন জানান, এ বিষয়ে আমাদের কাছে কেউ অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. জামাল হোসেন জানান, যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় হচ্ছে এমন খবর পেয়ে ওই এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছি। এ সময় সত্যতা পেয়ে একটি কাউন্টারকে ২০ হাজার টাকা জরিমানা করা হয় এবং বেশ কিছু যাত্রীদের কাছ থেকে নেয়া অতিরিক্ত ভাড়ার টাকা তাদের ফেরত দেওয়া হয়। তবে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত