এস্পানিওলকে হারিয়ে লা লিগার চলতি মৌসুমের শিরোপা নিশ্চিত করেছে রিয়াল মাদ্রিদ। সেই সঙ্গে একটি রেকর্ডও গড়লেন লস ব্লাঙ্কোসদের কোচ কার্লো আনচেলত্তি। প্রথম কোচ হিসেবে ইউরোপের শীর্ষ পাঁচ লিগের শিরোপা জিতলেন এই ইতালিয়ান।
শিরোপা নিশ্চিত করার জন্য রিয়ালের দরকার ছিল মাত্র এক পয়েন্ট। ঘরের মাঠে শিরোপা উদ্যাপনের সুযোগ হাতছাড়া করেনি ব্লাঙ্কোসরা। সান্তিয়াগো বার্নাব্যুতে রদ্রিগোর জোড়া গোলে এস্পানিওলকে ৪-০ ব্যবধানে উড়িয়ে দেয় স্প্যানিশ জায়ান্টরা।
এটি রিয়ালের ৩৫তম লা লিগা শিরোপা। ৮১ পয়েন্ট নিয়ে শিরোপা পুনরুদ্ধার করল তারা। দুইয়ে থাকা সেভিয়ার চেয়ে ১৭ পয়েন্ট এগিয়ে থেকে চ্যাম্পিয়ন হলো রিয়াল।
এবারই প্রথম স্পেনের লা লিগা জিতলেন আনচেলত্তি। এর আগে ইতালির সিরি’আ, ফ্রান্সের লিগ ওয়ান, প্রিমিয়ার লিগ এবং জার্মানির বুন্দেসলিগা জিতেছেন ৬২ বছর বয়সী কোচ।
এস্পানিওলের বিপক্ষে ৩৩ ও ৪৫ মিনিটে জোড়া গোল করেন রদ্রিগো। ৫৫তম মিনিটে রিয়ালের তৃতীয় গোলটি করেন মার্কো আসানসিও। ৮১তম মিনিটে জালের দেখা পান করিম বেনজেমা।
