কুমিল্লায় ঈদের জামাতে প্রতিপক্ষের গুলিতে আহত ১

আপডেট : ০৩ মে ২০২২, ০৫:০৫ পিএম

কুমিল্লায় পারিবারিক বিরোধের জেরে ঈদের জামাতে প্রতিপক্ষের গুলিতে একজন আহত হয়েছেন বলে জানা গেছে। কুমিল্লা সীমান্তবর্তী পাঁচথুবী ইউনিয়নের গোলাবাড়ি এলাকায় মঙ্গলবার সকাল ৮টার দিকে এ ঘটনা ঘটে।

ঈদের জামাতে গোলাগুলির ঘটনাটি নিশ্চিত করেছেন কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সহিদুর রহমান।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে তিনি জানান, পারিবারিক পূর্বশত্রুতার জেরে গোলাবাড়ির রুবেল ভূঁইয়া স্থানীয় ঈদগা মাঠে এলাকার মোস্তাক আহমেদকে গুলি করেন। এ সময় ঈদের নামাজ পড়তে আসা মাঠে থাকা মুসল্লিরা আতঙ্কিত হয়ে ছোটাছুটি ককরতে থাকে। পরে গুলিবিদ্ধ মোস্তাক আহমেদ (৪৮)কে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নেওয়া হয়। তার ডান হাঁটুতে গুলি লাগে। তিনি গোলাবাড়ি গ্রামের সামছুল হকের ছেলে।

রুবেল ভূঁইয়া ও মোস্তাক আহমেদ একই বাড়িতে থাকেন এবং সম্পর্কে আত্মীয় হন বলে জানিয়েছেন ঈদের নামাজ পড়তে আসা স্থানীয়রা।

মোস্তাকের ছোট ভাই মনির আহমেদ বলেন, কিছুদিন আগেও রুবেল আমাকে মারধর করেন। তার নামে মামলা থাকার পরও প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন তিনি। এর আগেও অস্ত্র নিয়ে প্রকাশ্যে মহড়া দিয়েছেন নগরীর চকবাজার এলাকায়।

ওসি সহিদুর রহমান বলেন, ‘খবর পেয়েই পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায়। ঘটনার সঙ্গে জড়িতরা আগেই পালিয়ে গেছে। আমরা অভিযান পরিচালনা করছি। জড়িতদের দ্রুত আটক করা হবে।’

পাঁচনংপাঁচথুবী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ইকবাল হোসেন বাহালুল বলেন, ঘটনার পরপর অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল সোহান সরকার ও কোতোয়ালি মডেল থানার ওসিসহ পুলিশ সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হন। এখন পরিস্থিতি স্বাভাবিক আছে। গোলাগুলির ঘটনায় পরে পুলিশের উপস্থিতিতে ঈদগা মাঠে ঈদের জামাত অনুষ্ঠিত হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত