পঞ্চগড় জেলার দেবীগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় ইশাদ (১৫) নামে এক মাদ্রাসাছাত্র মারা গেছেন। এ সময় শাহীন ও জীবন নামে আরও দুজন আহত হন।
বৃহস্পতিবার জেলার দেবীগঞ্জ উপজেলার দেবীগঞ্জ ইউনিয়নের কৃষিখামার ধরধরা সেতু এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।
ইশাদ দেবীগঞ্জ উপজেলার দেবীগঞ্জ ইউনিয়নের কলেজপাড়া এলাকার কুরবান আলীর ছেলে এবং জমিরউদ্দিন দাখিল মাদ্রাসার অষ্টম শ্রেণির শিক্ষার্থী। আহতরা হলেন-দেবীগঞ্জ উপজেলার দেবীগঞ্জ ইউনিয়নের কলেজপাড়া এলাকার রাজু ইসলামের ছেলে শাহীন (২৫) ও একই এলাকার সামিনুরের ছেলে জীবন (১০)।
দেবীগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আশরাফুল ইসলাম এমু জানান, ইশাদসহ তার দুই প্রতিবেশী শাহীন ও জীবন মোটরসাইকেলে করে সোনাহার এলাকায় ঘুরতে যাচ্ছিল। দেবীগঞ্জ-সোনাহার সড়কের কৃষিখামারের ধরধরা সেতু এলাকায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে সেতুর সঙ্গে ধাক্কা লাগে। তিনজনই সড়কে ছিটকে পড়ে। এ সময় ঘটনাস্থলেই ইশাদ মারা যায়। স্থানীয়রা তাদের তিনজনকে উদ্ধার করে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ইশাদকে মৃত ঘোষণা করেন।
গুরুতর আহত শাহিন ও জীবনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা দিয়ে তাদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে একজন নিহত ও দুজন আহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন দেবীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মো. হেলাল উদ্দিন।
