নোয়াখালীর সেনবাগ উপজেলার বিষ্ণুপুর গ্রামে সৌদিপ্রবাসী এক যুবককে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে।
বৃহস্পতিবার রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে। নিহত মো. ইউছুফ (৩২) ওই গ্রামের শরীয়ত উল্যার ছেলে। এ ঘটনায় তাৎক্ষণিক অভিযান চালিয়ে তিনজনকে আটক করেছে পুলিশ।
পুলিশ জানায়, বাড়িতে জায়গা নিয়ে সৌদিপ্রবাসী ইউসুফের পরিবারের সঙ্গে চাচাতো ভাই সোহেল ও রুবেলের পরিবারের মধ্যে বিরোধ চলছিল। এর জেরে বৃহস্পতিবার রাত ১০টার দিকে বিরোধপূর্ণ জায়গা থেকে আম পাড়াকে কেন্দ্র করে চাচাতো ভাই সোহেল, রুবেল ও চাচা নুরনবীর সঙ্গে ইউসুফের সঙ্গে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে ইউসুফকে মারধর করে এবং ছুরিকাঘাত করে সোহেল ও রুবেল।
গুরুতর আহত অবস্থায় স্বজনেরা তাকে উদ্ধার করে ২৫০ শয্যা নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক রাত সাড়ে ১১টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
সেনবাগ থানার ওসি ইকবাল হোসেন পাটোয়ারী জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় তাৎক্ষণিক অভিযুক্ত তিন আসামিকে আটক করা হয়েছে। যাচাই-বাছাই করে আটককৃতদের নাম ঠিকানা পরে জানানো হবে।
