আসামি ছিনিয়ে নিতে গিয়ে গ্রামবাসীর সঙ্গে পুলিশের সংঘর্ষ, আহত ১০

আপডেট : ০৭ মে ২০২২, ১১:২০ এএম

ঝিনাইদহে সদর উপজেলার মধুপুর বাজারে আকিদুল ইসলাম (৩৮) নামের এক আসামিকে ছিনিয়ে নেওয়াকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে এলাকাবাসীর সংঘর্ষ ঘটেছে। এতে পুলিশের ৫ সদস্যসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। শুক্রবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ফাঁকা গুলি ছুড়েছে পুলিশ।

আহত পুলিশ সদস্যরা হলেন- এএসআই আনোয়ার হোসেন, আশরাফুল ইসলাম, কনস্টেবল আশরাফুল ইসলাম, জামান হোসেন ও এলেম উদ্দীন।

পুলিশ ও স্থানীয় জানায়, শুক্রবার সন্ধ্যায় সদর উপজেলার মধুপুর বাজারের চা দোকানি আকিদুলকে আড়াই’শ গ্রাম গাঁজাসহ আটক করে সদর থানা-পুলিশ। সেখান থেকে আসামিকে থানায় আনতে গেলে আকিদুল নির্দোষ দাবি করে তাতে বাধা দেন স্থানীয় ব্যবসায়ীরা।

একপর্যায়ে স্থানীয় এক ইউপি মেম্বর মিদজানুর রহমানের মিজুর নেতৃত্বে এলাকাবাসী পুলিশের উপর হামলা করে আকিদুলকে ছিনিয়ে নিয়ে যায়। এ সময় তারা পুলিশের ওপর ইটপাটকেল ছুড়তে থাকে। খবর পেয়ে সদর থানা-পুলিশের সদস্যরা সেখানে পৌঁছালে সংঘর্ষ বেধে যায়। এতে ৫ জন পুলিশসহ অন্তত ১০ জন আহত হন।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ৫ রাউন্ড শটগানের গুলি ছুড়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়। আহতদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে।

ছিনিয়ে নেওয়া আসামিকে ফের গ্রেপ্তারের জন্য এলাকায় পুলিশি অভিযান চালানো হচ্ছে।

ঝিনাইদহ সদর থানার ওসি শেখ মোহাম্মদ সোহেল রানা জানান, এ ঘটনায় ১৫ জনকে আটক করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত