মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার হাসাড়া ইউনিয়ন আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে হট্টগোল হয়েছে। এতে শারীরিকভাবে লাঞ্ছিত হয়েছেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক মোহাম্মদ মহিউদ্দিন। এ সময় তাকে ১০ মিনিট অবরুদ্ধ করে রাখা হয়।
উপজেলার হাসাড়া কালী কিশোর স্কুল অ্যান্ড কলেজ মাঠে ইউনিয়ন আওয়ামী লীগের এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে সম্মেলনের দ্বিতীয় পর্বে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করা হলে এই হট্টগোলের সৃষ্টি হয়।
সম্মেলনের প্রধান অতিথি জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক মোহাম্মদ মহিউদ্দিন হাসাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হিসেবে আহসান হাবীব ও সাধারণ সম্পাদক হিসেবে জসিম খান মুকুলের নাম ঘোষণা করলে ক্ষিপ্ত হয়ে ওঠেন অপর সাধারণ সম্পাদক পদপ্রার্থী আইয়ুব খানের সমর্থকেরা। এতে হট্টগোলের সৃষ্টি হয়।
হট্টগোলের মধ্যে পুলিশের পাহারায় জেলা আওয়ামী লীগের সভাপতিকে কক্ষের ভেতর থেকে বের করে আনা হয়।
এ সময় তাকে স্কুল অ্যান্ড কলেজের মাঠে আনা হলে সাধারণ সম্পাদক পদপ্রার্থী আইয়ুব খানের লোকজন শারীরিকভাবে লাঞ্ছিত করেন। এ ছাড়া স্কুল অ্যান্ড কলেজের প্রধান ফটকের তালাবদ্ধ করে আওয়ামী লীগ সভাপতিকে অবরুদ্ধ করে রাখেন। পরে পুলিশ ফটকের তালা ভেঙে তাকে গাড়িতে উঠিয়ে দেয়।
শ্রীনগর থানার ওসি আমিনুল ইসলাম বলেন, ত্রিবার্ষিক সম্মেলনের আলোচনা পর্ব ভালো ভাবেই শেষ হয়। দ্বিতীয় পর্বে সভাপতির নাম ঘোষণায় পরিস্থিতি স্বাভাবিক ছিল। কিন্তু সাধারণ সম্পাদকের নাম ঘোষণার পর পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এতে হট্টগোলের সৃষ্টি হয়। জেলা আওয়ামী লীগের সভাপতিকে আমরা সেখান থেকে উদ্ধার করে গাড়িতে উঠিয়ে দিয়েছি। বর্তমানে ঘটনাস্থলে পুলিশ ও র্যাব মোতায়েন রয়েছে।
এ প্রসঙ্গে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন বলেন, জেলা আওয়ামী লীগের সভাপতি কিংবা আওয়ামী লীগের নেতাদের লাঞ্ছিত করার মতো ঘটনা ঘটেনি।
হাসাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদপ্রার্থী আইয়ুব খান বলেন, সম্মেলনের প্রথম পর্ব সুন্দর ভাবেই শেষ হয়। দ্বিতীয় পর্বের শুরুতে সম্মেলনের ডেলিগেট তথা কাউন্সিলরদের একটি কক্ষে ডেকে নিয়ে যায়। কাউন্সিলরদের দাবি ছিল ভোটের মাধ্যমে সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত করা। কিন্তু জেলা আওয়ামী লীগের সভাপতি একক সিদ্ধান্ত মোতাবেক সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করায় আমার সমর্থকেরা প্রতিবাদ জানায়।
এদিকে, দুপুর সাড়ে ১২ টার দিকে সম্মেলনের উদ্বোধন করেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি সেলিম আহমেদ ভূঁইয়া। প্রধান অতিথির বক্তৃতা করেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক মোহাম্মদ মহিউদ্দিন ও প্রধান বক্তার বক্তৃতা করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন।
হাসাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আহসান হাবীবের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আইয়ুব খানের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তৃতা করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ মো. লুৎফর রহমান, সহসভাপতি নুরুল আলম চৌধুরী, যুগ্ম-সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবুল কাশেম, সিরাজদীখান উপজেলা আওয়ামী লীগের সভাপতি মহিউদ্দিন আহমেদ, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক নেছারউল্লাহ সুজন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জহিরুল ইসলাম নিশাদ, সাধারণ সম্পাদক হামিদুল ইসলাম খান মুন, হাসাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোলায়মান খান, ষোলঘর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজিজুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের ফাইম ইসলাম প্রিন্স প্রমুখ।
