কান্ট্রি মিউজিক কিংবদন্তি মিকি গিলি আর নেই

আপডেট : ০৮ মে ২০২২, ০৩:১৬ পিএম

কান্ট্রি মিউজিক কিংবদন্তি মিকি গিলি মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৬ বছর।

শনিবার গিলিকে ‘সত্যিকারের কিংবদন্তি’ সম্বোধন করে সামাজিক যোগাযোগ মাধ্যমে তার মৃত্যুসংবাদ দেন টেক্সাসের পাসাদেনার মেয়র জেফ ওয়াগনার।

ফেসবুকে দেওয়া বিবৃতিতে তিনি জানান, ‘সত্যিকারের একজন কিংবদন্তি হারাল পাসাদেনা। প্রিয়জনদের পাশে রেখে আজ মিকি গিলি চলে গেলেন।’

জেফ ওয়াগনার আরও লেখেন, ‘মিকি একজন সত্যিকারের সঙ্গীত প্রতিভা ছিলেন। দুই দশকের বেশি সময় ধরে যার ৪২টি সিঙ্গেল শীর্ষ ৪০ কান্ট্রি চার্টের তালিকায় স্থান পেয়েছে। ১৯৮০ সালে তার “আরবান কাউবয়” দিয়ে তিনি পাসেদেনাকে বিশ্বে পরিচিত করে তোলেন। আমরা সম্মানিত যে মিকি ২০২০ সালের ফেব্রুয়ারিতে আমাদের শহরে পারফর্ম করেছেন।’

কী কারণে গিলির মৃত্যু হয়েছে তা জানা যায়নি। তবে এক সপ্তাহ আগে তিনি নিজের ফেসবুক পেজে জানান, স্বাস্থ্য নিয়ে উদ্বিগ্নতার কারণে আসন্ন শো বাতিল করছেন।

আশির দশকে কান্ট্রি মিউজিকে পপ-বান্ধব বিস্তারণের জন্য ব্যাপকভাবে পরিচিতি পান মিকি গিলি। তার হাত ধরে কান্ট্রি ‍মিউজিকের পুনর্জাগরণ ঘটে। বিশেষ করে সত্তর দশকের শেষদিকে ‘আরবান কাউবয়’ ফিল্মে নিজের সঙ্গীত প্রতিভার পরিচয় দেন তিনি।

পৃথিবীর সবচেয়ে বড় হাংকি টংকের মালিক ছিলেন মিকি। ফুটবল মাঠের সমান এই ড্যান্স হলের দর্শক ধারণ ক্ষমতা ৬ হাজার।  

×
সর্বশেষ সর্বাধিক পঠিত