চাঁদপুরে ছাত্রলীগের দুই গ্রুপে সংঘর্ষ আহত ১০

আপডেট : ০৯ মে ২০২২, ০২:৪৮ এএম

চাঁদপুরের ফরিদগঞ্জে ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় আহত হয়েছে অন্তত ১০ জন। রবিবার সন্ধ্যায় এই সংঘর্ষের ঘটনা ঘটে। রাতেও ফরিদগঞ্জ পৌর এলাকায় উত্তেজনা বিরাজ করে।

স্থানীয় নেতাকর্মীরা জানায়, সম্প্রতি ফরিদগঞ্জ উপজেলা ছাত্রলীগের দুটি কমিটি দেওয়া হয়েছে। একটি কমিটি অনুমোদন দেয় জেলা ছাত্রলীগ, অপরটির মৌখিক অনুমোদন দেয় স্থানীয় এমপি মুহাম্মদ সফিকুর রহমান। আজ বিকেল উপজেলা পরিষদ মিলনায়তনে বিকেল ঈদপুনর্মিলনীর আয়োজন করে পৌর ছাত্রলীগ। বর্তমান এমপির গ্রুপও একই স্থানে ঈদপুনর্মিলনীর আয়োজন করে। এসময় পুলিশ উপস্থিত হয়ে উভয় পক্ষের সমাবেশ বন্ধ করে দেয়। পরে ছাত্রলীগের দুইপক্ষের মধ্যে দফায় দফায় ধাওয়া পাল্টাধাওয়া শুরু হয়। এতে চাঁদপুর জেলা পরিষদের সাবেক সদস্য সাইফুল ইসলাম রিপন ও মশিউর রহমান মিঠু, ছাত্রলীগ কর্মী রুবেল ও মুছাসহ অন্তত ১০ জন আহত হয়। আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা সেবা দেওয়া হয়। পরে পুলিশ এসে পরিস্থিতি স্বাভাবিক করতে চেষ্টা করে।

এ বিষয়ে চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত রায় সংঘর্ষের বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর শুনে ফরিদগঞ্জে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিত স্বাভাবিক আছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত