রবীন্দ্রনাথের নোবেল চুরিতে মমতার দল জড়িত: বিজেপি

আপডেট : ০৯ মে ২০২২, ০৬:৩০ পিএম

২০০৪ সালের ২৫ এপ্রিল শান্তিনিকেতনের সংগ্রহশালা থেকে রবীন্দ্রনাথ ঠাকুরের নোবেল পদক চুরির ঘটনায় তৃণমূল কংগ্রেস জড়িত বলে অভিযোগ তুলেছে বিজেপি।

সোমবার রবীন্দ্রজয়ন্তীতে এমনই চাঞ্চল্যকর দাবি তোলেন বিজেপি নেতা রাহুল সিনহা।

তিনি অভিযোগ করেন, নোবেল পদক উদ্ধারে ভারতীয় পুলিশকে সাহায্য করেনি পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। খবর: হিন্দুস্তান টাইমস

রাহুল সিনহা বলেন, ‘তৃণমূলের মুখপত্রে প্রশ্ন তোলা হয়েছে, নোবেল পুরস্কার কোথায় গেল? সিবিআইকে প্রথম থেকে অসহযোগিতা করেছে এই সরকার। যাতে নোবেল পুরস্কার খুঁজে পাওয়া না যায়।’

তৃণমূলের উদ্দেশ্যে তিনি বলেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, সিবিআই না পারলে আমি নোবেল খুঁজে দেব। তৃণমূলের যোগসাজশে নোবেল চুরি হয়েছে। অতীতে যত চুরি-ডাকাতি-রাহাজানি-খুন-ধর্ষণ হয়েছে প্রতিটার সঙ্গেই তৃণমূল কংগ্রেস যুক্ত’।

অভিযোগের প্রেক্ষিতে তৃণমূলের এক মুখপাত্র হিন্দুস্তান টাইমসকে জানিয়েছেন, ‘২০০৪ সালে নোবেল পদক চুরি গেছে। তখন তৃণমূল ক্ষমতায় ছিল না। আর রাজ্য সরকার যদি তদন্তে অসহযোগিতা করে থাকে তাহলে কেন আদালতে তা জানাল না সিবিআই?’

উল্লেখ্য, ২০০৪ সালের ২৫ এপ্রিল শান্তিনিকেতনের সংগ্রহশালা থেকে চুরি যাওয়া নোবেল পদকের আজও খোঁজ পাওয়া যায়নি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত