কৃষক লীগ নেতার বিরুদ্ধে স্কুলের পুকুরের মাছ চুরির অভিযোগ

আপডেট : ০৯ মে ২০২২, ০৭:৩৪ পিএম

চট্টগ্রামের ফটিকছড়িতে তারেক নেওয়াজ পলাশ নামে এক কৃষক লীগ নেতার বিরুদ্ধে স্কুলের পুকুরের মাছ চুরির অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় স্কুলের প্রধান শিক্ষক বাদী হয়ে অভিযুক্ত কৃষক লীগ নেতার বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন। তারেক নেওয়াজ কৃষক লীগ চট্টগ্রাম উত্তর জেলা শাখার সমবায় বিষয়ক সম্পাদকের দায়িত্ব পালন করছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, শনিবার (৭ মে) সকালে উপজেলার রোসাংগিরী ইউনিয়নের রোসাংগিরী বালিকা উচ্চ বিদ্যালয়ের সীমানা প্রাচীরের ভেতর দুটি পুকুর থেকে প্রায় আট মণ মাছ তুলে নেন কৃষক লীগ নেতা তারেক। এ সময় খবর পেয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশীষ চক্রবর্তী বাধা দিলে তিনি কোনো কথা না শুনে পেশাদার জেলে দিয়ে মাছগুলো তুলে নেন। পরে প্রধান শিক্ষক বিদ্যালয় পরিচালনা পর্ষদকে ঘটনাটি অবহিত করলে পরদিন রোববার থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। সোমবার (৯ মে) বিকেলে অভিযোগ তদন্তে আসে থানা পুলিশ।

বিদ্যালয়টির প্রধান শিক্ষক আশীষ চক্রবর্তী বলেন, ‘বিদ্যালয়ের সীমানা প্রাচীরের ভেতরে দুটি পুকুর থেকে জেলে দিয়ে জোরপূর্বক মাছ তুলে নেন তারেক নেওয়াজ। এ দুটি পুকুর বিদ্যালয়ের সম্পত্তি। আমি অন্যায়ভাবে বিদ্যালয় পুকুরের মাছ চুরির বিচার দাবি করছি’।

অভিযুক্ত তারেক নেওয়াজ বলেন, ‘আমি পুকুরের অন্য এক মালিক দাবিদারের কাছ থেকে লিজ নিয়ে মাছগুলো তুলেছি’।

বিদ্যালয় কর্তৃপক্ষ মাছ তোলার কোনো অনুমতি দিয়েছে কি না জানতে চাইলে তিনি সদুত্তর দিতে পারেননি।

বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি মৃদুল কৃষ্ণ মুহুরি বলেন, বিদ্যালয়টি প্রতিষ্ঠার পর থেকে প্রায় অর্ধশত বছর পুকুর দুটি দান সূত্রে বিদ্যালয়ের ভোগ দখলে রয়েছে। জোরপূর্বক অন্যায়ভাবে মাছ তুলে নেয়া সন্ত্রাসী কার্যকলাপ।

ফটিকছড়ি থানার ওসি মাসুদ ইবনে আনোয়ার বলেন, ‘বিদ্যালয়ের মাছ চুরির একটি অভিযোগ পেয়েছি। তদন্ত চলছে। তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনগত পদক্ষেপ  নেয়া হবে’।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত