নির্বাচনে সরকার কী করবে রেদোয়ানের ওপর হামলায় তা স্পষ্ট: ফখরুল

আপডেট : ০৯ মে ২০২২, ০৮:২৪ পিএম

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘একদিকে বর্তমান সরকার তাদের বক্তৃতা, বিবৃতিতে আগামী জাতীয় সংসদ নির্বাচনে সকল দলের অংশগ্রহণ চাইছে, অন্যদিকে সরকার তার দলীয় সন্ত্রাসীদের দিয়ে বিরোধী রাজনৈতিক দলের সভা-সমাবেশে নেতাদের ওপর হামলা করছে। এতে করে আগামী নির্বাচনে সরকার কী করবে তা স্পষ্ট হয়ে উঠছে।’

কুমিল্লার চান্দিনায় লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) মহাসচিব ডক্টর রেদোয়ান আহমেদের ওপর হামলার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সোমবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।

বিএনপি মহাসচিব বলেন, ‘সোমবার বিকেলে কুমিল্লার চান্দিনায় এক সভায় আওয়ামী সশস্ত্র সন্ত্রাসীরা এলডিপির মহাসচিবের গাড়িতে বর্বরোচিত হামলা, গাড়ি ভাঙচুর, বাড়িতে হামলা চালিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে অশোভন আচরণ করেছে। শুধু তাই নয়, হামলার পর আত্মরক্ষার্থে থানায় আশ্রয় নেয়ার পর পুলিশ আবার রেদোয়ান আহমেদকে গ্রেপ্তার দেখিয়েছে। এ ঘটনা গভীর উদ্বেগের।’

তিনি বলেন, ‘সম্প্রতি প্রধানমন্ত্রী আগামী জাতীয় সংসদ নির্বাচনে সকল দলের অংশগ্রহণ চেয়ে বক্তব্য দিয়েছেন। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বিরোধী দলের সভা, সমাবেশে বাধা দেওয়া হবে না বলে জানিয়েছেন। এরই মধ্যে এ হামলা সরকারের স্ববিরোধিতা ফুটে ওঠে। বর্তমান আওয়ামী সরকার যে সন্ত্রাসনির্ভর তা এ ধরনের হামলায় স্পষ্ট হচ্ছে। এ ধরনের হামলা বর্তমান অবৈধ সরকারের আমলে ঘৃণ্য দৃষ্টান্ত সমূহেরই ধারাবাহিকতা।’

বিএনপি মহাসচিব বলেন, ‘গণতন্ত্রকে বিলীন করে আইনকে হাতের মুঠোয় নিয়ে সরকারি দলের সন্ত্রাসীরা সমগ্র দেশটাকে রক্তাক্ত জনপদে পরিণত করেছে। নিজেদের অস্তিত্বের প্রশ্নে সরকার আরও লাগামহীন ও বেপরোয়া হয়ে উঠেছে। আগামী দিনে আওয়ামী ফ্যাসিবাদ আরও কতটা ভয়ংকর রূপ ধারণ করবে তা এ ধরনের হামলার মধ্য দিয়ে প্রকাশ ঘটানো হচ্ছে। ডক্টর রেদোয়ান আহমেদের ওপর আওয়ামী সন্ত্রাসীদের হামলা পূর্ব-পরিকল্পিত এবং সরকারের সর্বোচ্চ পর্যায় থেকেই ইন্ধন জোগানো হয়েছে বলে জনগণ বিশ্বাস করে।’

মির্জা ফখরুল অবিলম্বে আওয়ামী সন্ত্রাসীদের দ্বারা এলডিপির মহাসচিবের ওপর কাপুরুষোচিত হামলার ঘটনায় দোষীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানিয়েছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত