নির্বাচনের আগে সরকারকে সরে যেতে হবে, বৈধ দাবি নয়: পরিকল্পনামন্ত্রী

আপডেট : ০৯ মে ২০২২, ১০:০৬ পিএম

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, আইনি প্রক্রিয়ায় এবং সাংবিধানিক ভাবে নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসতে হবে। নির্বাচনের আগে সরকারকে সরে যেতে হবে এটা কোনো বৈধ দাবি নয়। গণতান্ত্রিক রাজনীতি করতে চাইলে বিশ্বের অন্যান্য দেশে যেভাবে গণতান্ত্রিক চর্চা হয় সব রাজনৈতিক দলকে সেভাবেই করতে হবে। সাংবিধানিক পদের বাইরে নির্বাচনের কোনো সুযোগ নেই এবং তা গ্রহণযোগ্য হবে না।

সোমবার বিকেলে নগরীর ভাষা শহীদ আব্দুল জব্বার মিলনায়তনে প্রথম ডিজিটাল জনশুমারি ও গৃহগণনা বিষয়ক মতবিনিময় কর্মশালা ও পাইলটিং কার্যক্রম উদ্বোধনকালে ‘আগামী নির্বাচনে বিএনপির অংশগ্রহণ নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে পরিকল্পনামন্ত্রী বলেন, জনশুমারি ও গৃহগণনা সরকার মিশন হিসেবে নিয়েছে। দেশের জনসংখ্যা সম্পর্কে আমাদের বৈজ্ঞানিক ধারণা থাকলেও আসলে দেশে জনসংখ্যা কত তা জাতি ও সরকারকে জানাতে বাস্তবিক গণনা দরকার। তাই এ ক্ষেত্রে পরিসংখ্যান কর্মকর্তাসহ সকলকে সহযোগিতা করতে হবে। সকলের সহযোগিতা ছাড়া এ পরিকল্পনা কোনো ভাবেই বাস্তবায়ন করা সম্ভব নয়। জনশুমারি ও গৃহগণনা ক্ষেত্রে ৪ লাখ ডিজিটাল মেশিন রয়েছে। এসব পরিচালনার জন্য বিশাল কর্মবাহিনীও প্রস্তুত। তবে মেশিন সঠিক ভাবে ব্যবহার করে সংরক্ষণ করতে হবে।

অনুষ্ঠানে বিভাগীয় কমিশনার শফিকুর রেজা বিশ্বাসের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের এনডিসি সচিব ড. শাহনাজ আরেফিন, ময়মনসিংহ সিটি করপোরেশনের মেয়র ইকরামূল হক টিটু, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর মহাপরিচালক মোহাম্মদ তাজুল ইসলাম, ডিআইজি হারুন অর রশিদ, জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত