দেশীয় খেলাগুলো আন্তঃস্কুল প্রতিযোগিতায় আনতে হবে

আপডেট : ১১ মে ২০২২, ১২:৫৫ পিএম

ডাংগুলি, কাবাডি থেকে শুরু করে আমাদের দেশীয় খেলাগুলো আন্তঃস্কুল প্রতিযোগিতায় আনতে হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী বলেন, প্রত্যেক এলাকায় খেলার মাঠ থাকা একান্তভাবে প্রয়োজন। ইতিমধ্যে আমরা কিছু উদ্যোগ নিয়েছে যেখানে খালি জায়গা পাচ্ছি, খেলার মাঠ করে দিচ্ছি।

আজ বুধবার সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে জাতীয় ক্রীড়া পুরস্কার প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। যুব ও ক্রীড়া মন্ত্রণালয় অনুষ্ঠানের আয়োজন করে। 

সরকার প্রধান বলেন, এখন তো মোবাইল ফোন, ল্যাপটপ, আইপ্যাড এগুলো ব্যবহার করে সারাক্ষণ ওর মধ্যে পড়ে থাকা, এটা আসলে মানসিকভাবে, শারীরিকভাবে সুস্থতার লক্ষণ না। সেজন্যই বাবা-মা, যারা গার্ডিয়ান, অভিভাবক- তাদেরকে আমি অনুরোধ করব কিছু সময়ের জন্য হলেও ছেলে মেয়েরা যাতে হাত-পা ছোঁড়ে খেলতে পারে সেটা আপনাদের উদ্যোগ নেয়া উচিত।

প্রধানমন্ত্রী বলেন, গ্রামীণ খেলাগুলো আবারও চালু করার ব্যবস্থা নিতে হবে। আমরা এ বিষয়ে সহায়তা করছি। আমরা চাই, আমাদের এ খেলাগুলো আরও এগিয়ে যাক।

দেশের প্রতিটি উপজেলায় ছোটো পরিসরে খেলার মাঠ নির্মাণে সরকারের নেওয়া উদ্যোগের কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী। কিন্তু নির্মাণ কাজে সময়ক্ষেপণ হচ্ছে বলে সতর্ক করেন তিনি।

তিনি বলেন, সারাদেশে প্রত্যেক উপজেলায় খেলার মাঠ, সেই খেলার মাঠগুলো খুব বড় স্টেডিয়াম না, ছোটো করে, মিনি স্টেডিয়াম আমি নাম দিয়েছি। কাজেই সেটার নির্মাণকাজ চলছে। এটা সময় নিচ্ছে, আমি মনে করি এটা আরও দ্রুত শেষ করা দরকার। এপর্যন্ত ১৮৬টি উপজেলায় মিনি স্টেডিয়াম নির্মাণ কাজ শুরু হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত