ইংল্যান্ড টেস্ট দলের কোচ হচ্ছেন ম্যাককালাম?

আপডেট : ১১ মে ২০২২, ০৪:০২ পিএম

অস্ট্রেলিয়ায় অ্যাশেজে বিধ্বস্ত হওয়ার পর ওয়েস্ট ইন্ডিজ সফরে গিয়ে সিরিজ হারের পর নড়েচড়ে বসেছে ইংল্যান্ড। সাদা পোশাকের ক্রিকেটে নিজেদের ঢেলে সাজাতে চায় ইংলিশরা।

তার জন্য ইতোমধ্যে নেতৃত্বে পরিবর্তন এনেছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। জো রুটের স্থলাভিষিক্ত করা হয়েছে বেন স্টোকসকে। এবার টেস্টের জন্য কোচও নিয়োগ দিতে যাচ্ছে ইসিবি।

লাল ও সাদা বলের ক্রিকেটের জন্য আলাদা আলাদা কোচ নিয়োগ দিচ্ছে ইংল্যান্ড। ইংলিশদের টেস্ট কোচ হওয়ার দৌড়ে আছেন নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক ব্রেন্ডন ম্যাককালাম।

আগ্রহী প্রার্থী হিসেবে ৪০ বছর বয়সী সাবেক এই উইকেটরক্ষক-ব্যাটার ইতোমধ্যে কথা বলেছেন ইসিবির সঙ্গে। বর্তমানে আইপিএলের ফ্র্যাঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্সের দায়িত্ব সামলাচ্ছেন ম্যাককালাম।

গত ফেব্রুয়ারিতে ইংল্যান্ডের প্রধান কোচের পদ থেকে সরে দাঁড়ান ক্রিস সিলভারউড। তার বিকল্প হিসেবে টেস্ট ও সীমিত ওভারের ক্রিকেটের জন্য আলাদা আলাদা কোচ নিয়োগ দেওয়ার বিজ্ঞাপন দিয়েছে ইসিবি। এই পদে আবেদনের শেষ তারিখ ছিল গত শুক্রবার। সোম ও মঙ্গলবার ছিল সাক্ষাৎকারের সময়সীমা।

সাদা বলের ক্রিকেটে কোচ হিসেবে সফলতা পেয়েছেন ম্যাককালাম। এদিকে, ইংল্যান্ডের সীমিত ওভারের অধিনায়ক ইয়ন মরগানেরও খুব কাছের বন্ধু তিনি।

কিউইদের হয়ে ১০১টি টেস্ট খেলেছেন ম্যাককালাম। তার নেতৃত্বে ব্ল্যাক ক্যাপদের উন্নতি শুরু। যার ফলস্বরূপ, গত বছর নিউজিল্যান্ডকে দেখা গেছে টেস্ট চ্যাম্পিয়নশিপের শিরোপা জিততে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত