কলেজ শিক্ষার্থীকে পেটালেন যুবলীগের বহিষ্কৃত নেতা

আপডেট : ১২ মে ২০২২, ১২:১৯ এএম

কমলগঞ্জে দ্বাদশ শ্রেণির এক শিক্ষার্থীকে বেধড়ক পেটানোর অভিযোগ উঠেছে আদমপুর ইউনিয়ন যুবলীগের বহিষ্কৃত সভাপতি আনোয়ার হোসেনের বিরুদ্ধে। গত মঙ্গলবার রাত ১১টায় উপজেলার আদমপুর ইউনিয়নের উত্তরভাগ গ্রামে অভিযুক্ত আনোয়ার হোসেনের বাড়ির সামনে এ ঘটনাটি ঘটে। ওই শিক্ষার্থী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। তিনি মধ্যভাগ গ্রামের বাসিন্দা ও মৌলভীবাজার সরকারি কলেজের শিক্ষার্থী।

চিকিৎসাধীন শিক্ষার্থীর অভিযোগ মতে, মঙ্গলবার রাতে মামার বাড়ি যাওয়ার সময় উত্তরভাগ এলাকার রাস্তা থেকে আনোয়ার হোসেনের নেতৃত্বে তার ভাতিজা রুবেল আহমেদ, শ্যালক জবলু মিয়া ও মুন্না মিয়া ওই শিক্ষার্থীকে ধরে নিয়ে আটকিয়ে বেধড়ক পেটায়। পরে তার বাবাকে খবর দিয়ে ছেলেকে হস্তান্তর করে। হামলাকারীরা শিক্ষার্থীর সঙ্গে থাকা টাকা ও মুঠোফোন কেড়ে নেয়।

আহত কলেজছাত্রের প্রবাসী মামা বলেন, ‘ভাগ্নের জখম গুরুতর। তাকে মৌলভীবাজার সদর হাসপাতালে স্থানান্তর করা হবে। এ ব্যাপারে থানায় মামলা করা হবে।’

তবে অভিযোগ সম্পর্কে বহিষ্কৃত যুবলীগ নেতা আনোয়ার হোসেন মুঠোফোনে দাবি করেন, ‘অভিযোগটি ভিত্তিহীন ও বানোয়াট।’ তিনি এ বিষয়ে বিস্তারিত বলতে চাননি। কমলগঞ্জ থানার ওসি ইয়ারদৌস হাসান ঘটনা জেনেছেন উল্লেখ করে বলেন, ‘থানায় কোনো লিখিত অভিযোগ হয়নি। অভিযোগ হলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত