মৌলভীবাজারের কুলাউড়ায় বসতঘরের সিঁধ কেটে চুরি হওয়া শিশু হাবিবুর রহমান মাহিনকে উদ্ধার করেছে পুলিশ।
বুধবার রাত সাড়ে ৯টার দিকে জুড়ীর কাপনাপাহাড় চা বাগান এলাকা থেকে তিন বছরের মাহিনকে উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
জানা গেছে, মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে উপজেলার রাউৎগাঁও ইউনিয়নের কৌলা গ্রামে মায়ের সঙ্গে ঘুমিয়ে থাকা মাহিনকে বসতঘরের সিঁধ কেটে চুরি করে নিয়ে যায় দুর্বৃত্তরা। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।
অভিযানে কুলাউড়া থানার ওসি বিনয় ভূষন রায়ের দিকনির্দেশনায় পরিদর্শক (তদন্ত) আমিনুল ইসলাম ও এসআই হাবিবুর রহমান নেতৃত্ব দেন।
ওসি বিনয় ভূষন রায় জানান, মঙ্গলবার রাতেই খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। অভিযোগ পাওয়ার পরই অভিযানে নামে পুলিশ। দিনভর পুলিশের অভিযান টের পেয়ে দুর্বৃত্তরা কাপনাপাহাড় চা বাগানের একটি স্থানে মাহিনকে ফেলে পালিয়ে যায়।
পরে সেখান থেকে বুধবার রাত সাড়ে ৯টার দিকে তাকে উদ্ধার করে রাত ১২টার দিকে তার মায়ের কাছে হস্তান্তর করা হয়েছে।
তিনি আরও জানান, দুর্বৃত্তদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
