সন্তান জন্ম না দেওয়ায় ছেলে-ছেলেবউয়ের বিরুদ্ধে মামলা!

আপডেট : ১৩ মে ২০২২, ১২:৩৭ পিএম

বিয়ে করানোর ছয় বছর পরও সন্তান জন্ম না দেওয়ায় ছেলে-ছেলে বউয়ের বিরুদ্ধে মামলা করেছেন ভারতের এক দম্পতি।

ছেলের কাছে তাদের দাবি এক বছরের মধ্যে তাদের জন্য একটি নাতি বা নাতনি জন্ম দিতে হবে।

এক বছরের মধ্যে নাতি বা নাতনি এনে দিতে না পারলে ক্ষতিপূরণও দাবি করেছেন সঞ্জীব-সাধনা দম্পতি।

বিরল এই ঘটনা ঘটেছে ভারতের উত্তরাখন্ড রাজ্যে। রাজ্যের বাসিন্দা সঞ্জীব প্রসাদ (৬১) ও সাধনা প্রসাদ (৫৭) দম্পতি গত সপ্তাহে আদালতে তাদের ছেলে-ছেলেবউয়ের বিরুদ্ধে এই মামলা করেন।

উত্তরাখন্ডের হরিদ্বারের আদালতে করা মামলাটির ওপর ১৭ মে শুনানি হতে পারে বলে আশা করা হচ্ছে।

সঞ্জীব-সাধনা দম্পতির ছেলের নাম শ্রেয় সাগর (৩৫)। ছেলেবউয়ের নাম শুভাঙ্গী সিনহা (৩১)।

মামলায় সঞ্জীব-সাধনা দম্পতি বলেছেন, তাদের ছেলে বিয়ে করেছেন ছয় বছর হয়ে গেছে। কিন্তু ছেলে-ছেলেবউ এখনো সন্তান নেওয়ার পরিকল্পনা করছেন না।

তাদের দাবি, তাদের যদি অন্তত একটি নাতি বা নাতনি থাকত, তাহলে তার সঙ্গে সময় কাটানো যেত, বয়সকালের কষ্ট সহনীয় হতো।

সঞ্জীব-সাধনা দম্পতি বলেছেন, ছেলেকে বড় করতে তারা তাদের সব সঞ্চয় ব্যয় করে ফেলেছেন। ছেলেকে পাইলট বানাতে প্রশিক্ষণের জন্য যুক্তরাষ্ট্রে পাঠিয়েছেন। এতে অনেক অর্থ ব্যয় হয়েছে। ছেলের জন্য জমকালো বিয়ের আয়োজনও করেছেন। বিয়েতেও অনেক খরচ করেছেন।

সঞ্জীব-সাধনা দম্পতির ভাষ্য, তাদের একটি নাতি বা নাতনি থাকলে অবসরকালে সেই নাতি বা নাতনির সঙ্গে তারা সময় কাটাতে পারবেন, এমন ভাবনা থেকেই ছেলের বিয়ে দিয়েছেন। অথচ ছেলের বিয়ের ছয় বছর পরও তারা নাতি-নাতনির মুখ দেখতে পারেননি।

সঞ্জীব-সাধনা দম্পতি আরও বলেন, তারা ছেলের পেছনে সব টাকাপয়সা শেষ করেছেন। এখন তারা অর্থকষ্টের মধ্য দিয়ে যাচ্ছেন। আবার মানসিকভাবে বিপর্যস্ত। কারণ, তারা একাকি।

সঞ্জীব-সাধনা দম্পতি মামলার আবেদনে এক বছরের মধ্যে যদি নাতি বা নাতনি না পান, তাহলে প্রায় পাঁচ কোটি রুপি ক্ষতিপূরণ দাবি করেছেন। মানসিক হয়রানির দিকটি সামনে এনে এই ক্ষতিপূরণ দাবি করা হয়েছে।

সঞ্জীব-সাধনা দম্পতির মামলার বিষয়ে তাদের ছেলে ও ছেলেবউয়ের কোনো মন্তব্য পাওয়া যায়নি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত