কেন্দ্রীয় চুক্তিতে ফিরলেন প্যাটেল, বাদ নিশাম

আপডেট : ১৩ মে ২০২২, ০২:০৬ পিএম

আসন্ন ২০২২-২৩ মৌসুমের জন্য নিউজিল্যান্ডের কেন্দ্রীয় চুক্তিতে ফিরেছেন বাঁহাতি স্পিনার অ্যাজাজ প্যাটেল। তবে ২০ জনের সংক্ষিপ্ত তালিকা থেকে বাদ পড়েছেন জিমি নিশাম।

প্রথমবারের মতো কেন্দ্রীয় চুক্তিতে জায়গা পেয়েছেন অলরাউন্ডার মাইকেল ব্রেসওয়েল। ২০০৬ সালের পর প্রথমবারের মতো চুক্তির তালিকায় নেই অবসরে যাওয়া অভিজ্ঞ ব্যাটার রস টেলরের নাম।  

২০১৭ সালের পর থেকে টেস্ট খেলেননি নিশাম। গত ১২ মাসে মাত্র ৯টি টি-টোয়েন্টি খেলেছেন তিনি। তবে তাকে দেখা গেছে টি-টোয়েন্টি বিশ্বকাপে। যেখানে তিনি সাত ইনিংসে ১৩৫.২৯ স্ট্রাইক-রেটে করেন ৯২ রান। আর বল হাতে ৮.২০ ইকোনোমি রেটে নেন ৩ ‍উইকেট।

অন্যদিকে, সম্প্রতি নিশামের বিকল্প হিসেবে ইংল্যান্ড সফরের জন্য নিউজিল্যান্ডের স্কোয়াডে ডাক পান ব্রেসওয়েল। গত মার্চে নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় তার।

চুক্তিতে ফেরা অ্যাজাজ গত সেপ্টেম্বরে বাংলাদেশের বিপক্ষে পাঁচ ম্যাচের সিরিজ খেলেন। সিরিজে শীর্ষ উইকেটশিকারি হওয়ার পাশাপাশি গত জুনে এজবাস্টনে ইংল্যান্ডের বিপক্ষে নিউজিল্যান্ডকে টেস্ট সিরিজ জেতাতে সাহায্য করেন এই বাঁহাতি স্পিনার।

গত ডিসেম্বরে টেস্ট ক্যারিয়ারের স্মরণীয় ইনিংস খেলেন অ্যাজাজ। মুম্বাইয়ে ভারতের বিপক্ষে দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে ১০ উইকেট নিয়ে রেকর্ড গড়েন তিনি।

নিউজিল্যান্ডের ২০২২-২৩ মৌসুমের কেন্দ্রীয় চুক্তি: টম ব্লান্ডেল, ট্রেন্ট বোল্ট, মাইকেল ব্রেসওয়েল, ডেভন কনওয়ে, কলিন ডি গ্রান্ডহোম, লোকি ফার্গুসন, মার্টিন গাপটিল, ম্যাট হেনরি, কাইল জেমিসন, টম লাথাম, ড্যারিল মিচেল, হেনরি নিকোলস, অ্যাজাজ প্যাটেল, গ্লেন ফিলিপস, মিচেল সান্টনার, ইশ সোধি, টিম সোধি, নেইল ওয়াগনার, কেন উইলিয়ামসন, উইল ইয়ং।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত