জয়পুরহাটের পাঁচবিবিতে সাবেক ইউপি সদস্য সুলতান মাহমুদের (৪৫) বিরুদ্ধে বৃদ্ধ বাবা আব্দুল কাদেরকে (৭০) হত্যার অভিযোগ উঠেছে।
রবিবার ভোরে পাঁচবিবি উপজেলার আটাপুর ইউনিয়নের বরণ গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ অভিযুক্ত সাবেক ইউপি সদস্য সুলতানকে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করেছে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, দীর্ঘদিন থেকে সুলতানের স্ত্রী ও পরিবারের সঙ্গে পারিবারিক কলহ চলছিল। শনিবার দুপুরেও স্ত্রী, মেয়ে ও ছোট ছেলেকে মারধর করেন। রাতে ঘুমানোর সময় সুলতান তার বাবাকে ঘর থেকে বের করে দিলে তিনি রান্না ঘরে ঘুমান।
ভোর সাড়ে ৪টার দিকে সুলতান তার ঘর থেকে বের হয়ে বাবাকে দেখতে পেয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করে চৌকির পায়া দিয়ে মাথায় আঘাত করেন। ঘটনাস্থলে তার মৃত্যু হলে সুলতান লাশটি ঘরে নিয়ে গিয়ে রাখেন। পরে সকালে বিষয়টি জানাজানি হলে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পুলিশ লাশ উদ্ধার করার পাশাপাশি সুলতানকে গ্রেপ্তার করে।
নিহত কাদের দেওয়ানের স্ত্রী আরজিনা বেগম বলেন, তার বড় ছেলে সুলতান মাহমুদ উচ্ছৃঙ্খল প্রকৃতির। আগে নেশা করত এখন করে কী না জানি না। সব সময় বাড়ির লোকজনের সঙ্গে কারণে অকারণে মারপিটসহ দুর্ব্যবহার করতো। শনিবার রাতে সুলতানের বাবা রান্না ঘরে ছিল কখন যে এ ঘটনা ঘটিয়েছে সকালে জানতে পেরেছি।
পাঁচবিবির আটাপুর ইউনিয়নের চেয়ারম্যান আ স শামছুল আরেফিন চৌ. আবু বলেন, সুলতান আমার পরিষদের ৬ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য। তার স্ত্রীর সঙ্গে পারিবারিক কলহ লেগেই থাকত। কয়েকবার সুলতানের স্ত্রী অভিযোগও করেছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের জের ধরে এ ঘটনা হতে পারে।
পাঁচবিবি থানার ওসি পলাশ চন্দ্র দেব জানান, লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। তদন্ত চলছে, সুলতানকে গ্রেপ্তার করা হয়েছে।
